গাজীপুর, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরিন ফ্যাশনসের কারখানায় আগুনে আহত শ্রমিকদের বিনামূল্যে চিকিৎসার উদ্যোগ নিয়েছে বিজিএমইএ।
এছাড়া আগামী ১ ডিসেম্বর শ্রমিকদের বেতন পরিশোধ করা হবে এবং জীবিতদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে তৈরি পোশাক শিল্পের এই শীর্ষ সংগঠন।
বুধবার বিজিএমইএ’র এক সংবাদ বিঞ্জপ্তিতে একথা জানানো হয়।
শনিবার তাজরিন ফ্যাশনস লিমিটেডে আগুনে অন্তত ১১০ জনের মৃত্যু হয়েছে।
বিজ্ঞপ্তিতে আহত শ্রমিকদের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে সহায়তা নেয়ার জন্য বিজিএমইএ অফিসে যোগাযোগ করার আহবান জানানো হয়।
এজন্য বিজিএমইএ কার্যালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. জগলূল হায়দার ( ফোন ০১৮১৭০৪৪৬৭৭) এবং বিজিএমইএ’র ৮১৪০৩১০ নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোমধ্যেই বিজিএমএ’র উদ্যোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত ১০ জনকে বিশেষ চিকিৎসার জন্য এ্যাপোলো হাসপাতাল, পঙ্গু হাসপাতাল ও ট্রমা সেন্টারে স্থানান্তরিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে ১ ডিসেম্বরে শ্রমিকদের বেতন পরিশোধ করা ছাড়াও নিহতদের পরিবারের সদস্যদের পুনর্বাসনের অশ্বাস দেয়া হয়।
তাজরিনের শ্রমিকদের কাজের জন্য পার্শ্ববর্তী কারখানাগুলোতে যোগাযোগ করার পরামর্শ দেয়া হয়েছে। এ কারখানার শ্রমিকরা চাকরির জন্য যোগাযোগ করলে তাদের অগ্রাধিকার দেয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪৪ ঘ.
bdnews24