২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় প্রাথমিক সমাপনীর প্রশ্নপত্র ‘ফাঁস’

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় প্রাথমিক সমাপনী পরীক্ষার পরিবেশ পরিচিতির প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2012, 11:56 AM

Updated : 24 Aug 2022, 12:33 PM

নেত্রকোনা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় প্রাথমিক সমাপনী পরীক্ষার পরিবেশ পরিচিতির প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে বের হওয়া এ প্রশ্নপত্রের সঙ্গে আসল প্রশ্নপত্রের মিল পাওয়া গেছে বলে সংশ্লিষ্টরা স্বীকার করেছেন। বুধবার কেন্দুয়া থানায় এ বিষয়ে অভিযোগ করেন স্থানীয় সাংবাদিক জিয়াউর রহমান জীবন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল পৌনে ১০টার দিকে পরিবেশ পরিচিতি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার বিষয়টি তিনি কেন্দুয়া থানার ওসি বরাবর লিখিতভাবে জানিয়েছেন। কেন্দুয়া থানার ওসি অভি রঞ্জন দেব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযোগটি দেয়ার সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহমুদ হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মলিনা দে প্রশ্নপত্র নেয়ার জন্যে থানায় উপস্থিত ছিলেন। এ সময় ম্যাজিষ্ট্রেট অভিযোগের কপিটি নিয়ে যান বলে জানান ওসি। ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহমুদ হাসান বলেন, অভিযোগের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তিনি জানিয়েছেন। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোক্তার হোসেন সরকার বলেন, প্রশ্নপত্র কঠোর গোপনীয়তায় সংরক্ষণ করা হচ্ছে। কথিত ফাঁস হওয়া প্রশ্নপত্রের সঙ্গে পরীক্ষার প্রশ্নপত্রের অনেকটা মিল আছে। জেলা প্রশাসক আনিস মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ শুনেছি। মূল প্রশ্নপত্রের সঙ্গে এটি অনেকটা মিলেও যাচ্ছে। প্রশ্নপত্র সংরক্ষণাগারে পরীক্ষা করে দেখেছি। কোনো প্রশ্নপত্র খোয়া যায়নি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৩০ ঘ.