২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলাগঞ্জে পাথর তোলা যন্ত্র জব্দ

সিলেটের ভোলাগঞ্জ থেকে অপরিকল্পিতভাবে পাথর উত্তোলনের অভিযোগে ২০টি পাথর তোলা যন্ত্র জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2012, 02:19 PM

Updated : 24 Aug 2022, 12:33 PM

সিলেট, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের ভোলাগঞ্জ থেকে অপরিকল্পিতভাবে পাথর উত্তোলনের অভিযোগে ২০টি পাথর তোলা যন্ত্র জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার দিনভর কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় এসব যন্ত্র জব্দ করা হয়। এ সময় পরিবেশের জন্য ক্ষতিকর পাথর উত্তোলনের সব কাঠামোও ধ্বংস করা হয়। পরিবেশ অধিদপ্তরের জেলা পরিদর্শক আবদুল মালেক সাংবাদিকদের বলেন, অভিযানকালে ভোলাগঞ্জে পাথর তোলা অবস্থায় ২০টি ছোট-বড় যন্ত্র (স্থানীয়ভাবে বোমামেশিন নামে পরিচিত), কাঠামোর সঙ্গে যুক্ত পাইপ জব্দ করা হয়েছে। তবে আগে থেকে টের পেয়ে এসব যন্ত্রের মালিকরা পালিয়ে গেছেন। তিনি বলেন, সীমান্তের এ এলাকা দেশের অন্যতম পাথর উত্তোলন কেন্দ্র হিসেবে পরিচিত। নদীতে ও মাটির নীচে থাকা এসব পাথর পরিকল্পিতভাবে সংগ্রহ করা হয়ে থাকে। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী অল্প সময়ে অধিক পাথর সংগ্রহ করার জন্য ‘বোমামেশিন’ ব্যবহার করেন। এ মেশিন ব্যবহারের জন্য অপরিকল্পিতভাবে বড় বড় গর্ত তৈরি করা হয়, ফলে পাহাড়ি এলাকায় নদী ও পরিবেশের ওপর নানা বিরূপ প্রভাব পড়ে, বলেন পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা। অভিযানে অন্যান্যের মধ্যে ছিলেন, র‌্যাব-৯ এর ডিএডি মিজানুর রহমান ও পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. ফারুক হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২০০৪ ঘ.