২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর নেয়ার অভিযোগ

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক হল প্রাধ্যক্ষকে লাঞ্ছিত করে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর নেয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগ সমর্থকদের বিরুদ্ধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2012, 11:04 AM

Updated : 24 Aug 2022, 12:33 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক হল প্রাধ্যক্ষকে লাঞ্ছিত করে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর নেয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগ সমর্থকদের বিরুদ্ধে। এছাড়া টিনশেড হলের প্রাধ্যক্ষ ড. সাজ্জাদ হোসেন এবং শহীদ শহিদুল ইসলাম হলের সহকারী প্রাধ্যক্ষ রিমন কুমার চক্রবর্তী পদত্যাগ করেছেন। বুধবার তারা উপ-উপাচার্য অধ্যাপক মুর্ত্তজা আলীর কাছে পদত্যাগপত্র জমা দেন। সোমবার থেকে এ নিয়ে দশ শিক্ষক-কর্মকর্তা পদত্যাগ করলেন। উপাচার্য অধ্যাপক সিরাজুল করিম চৌধুরীর অপসারণ দাবিতে ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একটি অংশের সংগঠন ‘ঐক্য পরিষদ’ আন্দোলন করছে। বিশ্ববিদ্যালয়ে এখন ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে শেখ হাসিনা হলের প্রাধ্যক্ষ ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগের সভাপতি এস এম আব্দুর রাজ্জাক প্রশাসনিক ভবনে এলে ছাত্রলীগ নেতাকর্মীরা তাকে গালাগাল দিয়ে আগে থেকে থেকে তৈরি করে রাখা পদত্যাগপত্রে স্বাক্ষর করে নেন। আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা বলেছেন। তিনি বলেন, “তারা আমার ছাত্র হওয়ার পরও আমাকে অকথ্য ভাষায় গালাগাল দিয়েছে, যা ভাষায় প্রকাশের মতো নয়। “আমি পদত্যাগপত্রে স্বাক্ষর করবো না বললে ছাত্রলীগের আহ্বায়ক হারুন-অর-রশিদ ও যুগ্ম আহ্বায়ক ফয়সালের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল আমাকে ঘিরে ফেলে ধাক্কাধাক্কি করতে থাকে। “এরপর মান-সম্মানের ভয়ে তাদের তৈরি করা পদত্যাগপত্রে স্বাক্ষর করে উপ-উপাচার্যের কার্যালয়ে জমা দিয়েছি।” এ ব্যাপারে ছাত্রলীগের আহ্বায়ক ও ঐক্য পরিষদের সদস্য সচিব হারুন-অর-রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা ওই শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করেনি। বরং তিনি এক ছাত্রকে ধাক্কা দিয়েছেন।” উপ-উপাচার্য অধ্যাপক মুর্ত্তজা আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার তিন শিক্ষক দায়িত্ব থেকে অব্যহতি চেয়ে আবেদন করেছেন। তাদের আবেদন গ্রহণ করা হয়েছে। এসএম আব্দুর রাজ্জাককে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর নেয়া প্রসঙ্গে তিনি বলেন, ওই শিক্ষক আমার কাছে স্বাভাবিকভাবে এসে পদত্যাগপত্র জমা দিয়েছেন। ঢাকায় অবস্থানরত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সিরাজুল করিম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আব্দুর রাজ্জাক আমাকে ফোন করে অনেক কেঁদেছেন। তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে বলে তিনি (রাজ্জাক) অভিযোগ করেছেন।” গত ১৫ নভেম্বর থেকে উপাচার্যের অপসারণ দাবিতে আন্দোলন করছে ঐক্য পরিষদ। তারা পরীক্ষার ফলাফল জালিয়াতিসহ নানা অনিয়মের অভিযোগে উপাচার্যের পদত্যাগ দাবি করছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্তলাগাতার ক্লাশ-পরীক্ষা বর্জন ও অবস্থান ধর্মঘট চলবে জানিয়েছেন পরিষদের নেতাকর্মীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬৫৪ ঘ.