২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্লাইওভার ধস নাগরিক সমাবেশে নির্মাতাদের শাস্তি দাবি

বহদ্দারহাটে ফ্লাইওভারের ধসে প্রাণহানির ঘটনায় নির্মাণ কাজে সংশ্লিষ্টদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে চট্টগ্রামের নাগরিক সংগঠনগুলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2012, 09:35 AM

Updated : 24 Aug 2022, 12:33 PM

চট্টগ্রাম, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বহদ্দারহাটে ফ্লাইওভারের ধসে প্রাণহানির ঘটনায় নির্মাণ কাজে সংশ্লিষ্টদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে চট্টগ্রামের নাগরিক সংগঠনগুলো। বুধবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধন ও নাগরিক সমাবেশ থেকে তারা এ দাবি জানান। পিপলস ভয়েস, জনউদ্যোগ ও পরিবেশ ছাত্র ফোরাম যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। শনিবার সন্ধ্যায় বহদ্দারহাট ফ্লাইওভারের তিনটি গার্ডার ভেঙে পড়ে অন্তত ১৩ জন নিহত হয়। কয়েক মাস আগেও একটি গার্ডার ভেঙে পড়ে একজন আহত হয়। যথাযথ নিরাপত্তা ব্যবস্থা না নিয়েই এই ফ্লাইওভার নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। নির্মাণকারী চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ দুর্ঘটনার পরও কোনো ধরনের পদক্ষেপ না নেয়ায় জনগণের ক্ষোভের প্রকাশও ঘটেছে। বক্তারা ফ্লাইওভারের গার্ডার ভেঙ্গে পড়ার ঘটনার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান, পরামর্শক প্রতিষ্ঠান এবং মূল নির্মাণকারী প্রতিষ্ঠান চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) অদক্ষতা, উদাসীনতা, অবহেলা এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না নেয়াকে দায়ী করেন। দুর্ঘটনার দায় স্বীকার করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের পদত্যাগ দাবি করে বক্তারা বলেন, দুর্ঘটনার পাঁচদিন পরও তিনি ঘটনাস্থলে না গিয়ে সংবাদপত্রের মাধ্যমে বড় বড় কথা বলছেন। নির্মাণাধীন ফ্লাইওভার এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা বিধান, অদক্ষ ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ থেকে বাতিল এবং পরবর্তী নির্মাণ কাজে অধিক দক্ষ প্রতিষ্ঠানকে কাজ দেয়ার দাবি জানানো হয় সমাবেশ থেকে। পিপলস ভয়েসের আহবায়ক শরীফ চৌহানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন পেশাজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রাম জেলা সভাপতি অধ্যাপক ডা. একিউএম সিরাজুল ইসলাম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক নাজিমুদ্দীন শ্যামল, উন্নয়ন সংগঠক সৌরভ বড়–য়া, সরোজ কান্তি দাশ, জনউদ্যোগের সংগঠক শ্যামল মজুমদার, পরিবেশ ছাত্র ফোরামের আতিকুর রহমান প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসইউ/১৫২৬ ঘ.