২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিগগিরই চালু হবে ইউটিউব: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বাংলাদেশ নীতিগতভাবে ইউটিউব খুলে দেয়ার পক্ষে এবং ‘অতি দ্রুত’ ভিডিও শেয়ার করার এই জনপ্রিয় সাইটটি দেখার সুযোগ দেয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2012, 08:51 AM

Updated : 24 Aug 2022, 12:33 PM

ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বাংলাদেশ নীতিগতভাবে ইউটিউব খুলে দেয়ার পক্ষে এবং ‘অতি দ্রুত’ ভিডিও শেয়ার করার এই জনপ্রিয় সাইটটি দেখার সুযোগ দেয়া হবে। বুধবার তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আপত্তিকর ভিডিও’ সরিয়ে নেয়ার প্রক্রিয়া শেষ হলেই বাংলাদেশে দ্রুত ইউটিউব খুলে দেয়া হবে। ইউটিউব কর্তৃপক্ষের সঙ্গেও এ বিষয়ে যোগাযোগ হয়েছে। তবে ঠিক কবে নাগাদ ইউটিউব বাংলাদেশে আবার দেখা যাবে, তা জানাননি তথ্যমন্ত্রী। বিভিন্ন ক্ষেত্রে বর্তমান সরকারের সফলতার তথ্যও তুলে ধরা হয় এই সংবাদ সম্মেলনে। তবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, ডিসেম্বর থেকেই বাংলাদেশে আবার ইউটিউব খুলে দেয়া হতে পারে। ইসলাম ‘অবমাননা’ করে নির্মিত চলচ্চিত্র ‘ইনোসেন্স অব মুসলিম’ সরিয়ে নেয়ার দাবি জানিয়ে সরকার ইউটিউবের মূল প্রতিষ্ঠান গুগলকে চিঠি দেয়ার পরও তারা কোনো ব্যবস্থা না নেয়ায় গত ১৭ সেপ্টেম্বর বাংলাদেশে থেকে ইউটিউবে প্রবেশ বন্ধ করে দেয় বিটিআরসি। গত ৩০ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে বিটিআরসি ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ বলেন, ‘আপত্তিকর’ ভিডিও সরালে যে কোনো মুহূর্তে ইউটিউব খুলে দেয়া হবে। ২০১২ সালের ২৩ জুন যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়ার পর ‘ইনোসেন্স অব মুসলিম’ ছবিটি ইন্টারনেটে ছড়িয়ে পড়লে মধ্যপ্রাচ্যে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। লিবিয়া ও মিশরে ইসলামপন্থীরা যুক্তরাষ্ট্রের দূতাবাসে হামলা চালায়। রকেট হামলায় নিহত হন লিবিয়ায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেনসসহ চার জন। বাংলাদেশেও কয়েকটি ইসলামী সংগঠন বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের পতাকায় অগ্নিসংযোগ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/জেকে/১৪৪৫ ঘ.