২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাজরিন ‘ঝুঁকিপূর্ণ’, প্রবেশ নিষেধ

সাভারের নিশ্চিন্তপুরে তাজরিন ফ্যাশনসকে ‘ঝুঁকিপূর্ণ’ ঘোষণা করে সেখানে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2012, 07:36 AM

Updated : 24 Aug 2022, 12:33 PM

ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের নিশ্চিন্তপুরে তাজরিন ফ্যাশনসকে ‘ঝুঁকিপূর্ণ’ ঘোষণা করে সেখানে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করেছে পুলিশ। বুধবার সকালে জেলা পুলিশের পক্ষ থেকে পোড়া ভবনের ফটকে একটি ব্যানার টাঙিয়ে দেয়া হয়েছে। কালো ব্যানারটিতে সাদা অক্ষরে লেখা হয়েছে- ‘ভবনটি মারাত্মক ঝুঁকিপূর্ণ, ভেতরে প্রবেশ না করতে অনুরোধ করা হলো।’ শিল্প পুলিশের উপ পরিচালক মোক্তার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দোতলায় উঠলেই ফ্লোরটি কেঁপে ওঠে। নতুন করে কোনো দুর্ঘটনা যাতে না ঘটে- সেজন্যই এ ব্যবস্থা নেয়া হয়েছে।” শনিবার সন্ধ্যা ৭টার দিকে তুবা গ্রুপের এই পোশাক কারখানায় স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১০ জনের মৃত্যু হয়। এদের অধিকাংশই মারা যান আগুনে পুড়ে। মোক্তার হোসেন জানান, তাজরিনের কর্মীদের নভেম্বর মাসের বেতন আগামী ১ ডিসেম্বর পরিশোধ করা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এ জন্য নিশ্চিন্তপুর কেন্দ্রীয় মসজিদ মাঠে বুধবার ‘জীবিত’ শ্রমিকদের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। ওই মাঠে উপস্থিত হয়ে শ্রমিকদের নাম লিপিবদ্ধ করার জন্য আরেকটি ব্যানার টাঙানো হয়েছে কারখানার ফটকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/জেকে/১৭০২ ঘ.