সিরাজগঞ্জ, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় থেকে সিরাজগঞ্জ শহর হয়ে বগুড়া পর্যন্ত রেল সংযোগের দাবিতে সিরাজগঞ্জে ১৫ মিনিটের কর্মবিরতি পালিত হয়েছে।
বুধবার সকাল ১১টা থেকে এ কর্মসূচি শুরু হয়। সিরাজগঞ্জ স্বার্থরক্ষা সংগ্রাম কমিটির ডাকে এ কর্মসূচি চলাকালে বাস, ট্রাক, রিকশা-ভ্যানসহ সব যানবাহন চলাচল বন্ধ থাকে। শহরের মোড়ে মোড়ে সব শ্রেণি-পেশার মানুষ কাজ বন্ধ করে দাঁড়িয়ে থাকে।
এ সময় এক সমাবেশে বক্তারা বলেন, এক সময়ের রেলসিটি সিরাজগঞ্জ এখন রেল শূন্য।
সিরাজগঞ্জ শহর হয়ে বগুড়া পর্যন্ত রেল সংযোগ, শহরের রায়পুরে রেল জংশন স্থাপন ও সকল আন্তঃনগর ট্রেন সিরাজগঞ্জ হয়ে চলাচলের দাবি জানান তারা।
২০১১ সালের ৯ এপ্রিল সিরাজগঞ্জে এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব পূরণের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন হয়নি।
সিরাজগঞ্জ স্বার্থরক্ষা সংগ্রাম কমিটির আহবায়ক ডা. জহুরুল হক রাজা, যুগ্ম আহবায়ক আবুবক্কার ভূইয়া, সিপিবি নেতা ইসমাইল হোসেন, বাসদ নেতা নবকুমার কর্মকার, সম্মিলিত সাংস্কৃতিক জোট নেতা মাহবুব-এ-খোদা টুটুল, মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী সোহরাব আলী সরকার, জাসদ নেতা নাজমুল ইসলাম মুকুল ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন-অর-রশিদ খান হাসান বক্তৃতা করেন।
এ কর্মসূচি উপলক্ষ্যে উদীচীসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সঙ্গীত পরিবেশন করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৩০৬ ঘ.
bdnews24