ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি কারখানার কর্মীরা ‘আগুন আতঙ্কে’ রাস্তায় বেরিয়ে আসার পর নিরাপত্তার দাবিতে ঢাকা-টাঙ্গাইল সড়ক অবরোধ করে প্রায় পাঁচ ঘণ্টা বিক্ষোভ করেছে বিভিন্ন গার্মেন্টের কয়েক হাজার পোশাক শ্রমিক।
উদ্ভূত পরিস্থিতিতে আশুলিয়ার সব পোশাক কারখানা বুধবারের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।
আশুলিয়া শিল্প পুলিশের পরিচালক আবদুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শ্রমিকরা কাঠগড়ায় আজমত গ্রুপের কারখানা এবং আমতলায় জেড থ্রিসহ আশুলিয়ার প্রায় অর্ধশত কারখানায় হামলা চালিয়ে ভাংচুর করে। তারা দুটি মোটর সাইকেলও পুড়িয়ে দেয়।
এ সময় পুলিশের লাঠিপেটায় অর্ধশতাধিক শ্রমিক আহত হন। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ জামগড়া ও নরসিংহপুর এলাকায় কাঁদানে গ্যাসের শেল ছোড়ে বলেও প্রত্যক্ষদর্শীরা জানান।
শনিবার সন্ধ্যায় আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরিন ফ্যাশনসে স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১০ জন নিহত হওয়ার ঘটনায় গত সোমবারও শ্রমিকরা সড়কে নেমে বিক্ষোভ দেখালে সব কারখানায় ছুটি ঘোষণা করা হয়। ওই ঘটনায় সরকার জাতীয় শোক ঘোষণা করায় মঙ্গলবার দেশের সব কারখানা বন্ধ থাকে।
শিল্প পুলিশের উপ পরিচালক মোক্তার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার সকালে আবার সব গার্মেন্টে কাজ শুরুর পর হা মীম গ্রুপের একটি কারখানায় জেনারেটরের যান্ত্রিক ত্রুটি থেকে আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় শ্রমিকরা সবাই কারখানা থেকে বেরিয়ে যান।
এরপর আগুন লাগার গুজবে আশেপাশের আরো কয়েকটি কারাখানার শ্রমিকরা বেরিয়ে আসে এবং এক পর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল সড়কে অবস্থান নিয়ে নিরাপত্তার দাবিতে বিক্ষোভ শুরু করে।
বিভিন্ন পোশাক কারখানা থেকে শ্রমিকরা বেরিয়ে এসে ওই বিক্ষোভে যোগ দিতে শুরু করলে পরিস্থিতির অবনতির আশঙ্কায় আশুলিয়ার সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয় বলে শিল্প পুলিশের পরিচালক আবদুর রউফ জানান।
শ্রমিক অসন্তোষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে বেঙ্গল প্লাস্টিক কারখানার সামনে মারধরের শিকার হন বাংলাভিশনের ক্যামেরাম্যান এনামুল হাবিব রুবেল। হামলাকারীরা তার ক্যামেরা ভেঙে দিয়ে মানিব্যাগ ও মোবাইল ফোন হাতিয়ে দেয় বলে অভিযোগ করেন তিনি।
মোক্তার হোসেন জানান, বিক্ষোভরত শ্রমিকরা দুটি কারখানায় হামলা চালানোর পাশাপাশি ঢাকা-টাঙ্গাইল সড়কেও কয়েকটি যানবাহন ভাঙচুর করে।
পরে কাঁদানে গ্যাস ও লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। ছত্রভঙ্গ শ্রমিকরা সড়ক থেকে সরে গেলে বেলা ৩টা থেকে ঢাকা-টাঙ্গাইল সড়কে যান চলাচল স্বাভাবিক হয় বলে মোক্তার হোসেন জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৬৫৫ ঘ.
bdnews24