ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক দুর্ঘটনায় পরিবারের সদস্যসহ ১২ জনের মৃত্যুর ঘটনায় সাকুরা পরিবহন, গাড়ির বীমাকারী প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে ২০ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা করেছেন ঢাকার আদালতের এক বিচারক।
ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ও দেউলিয়া বিষয়ক আদালতের বিচারক হোসনে আরা আক্তার বুধবার ঢাকা জেলা জজ আদালতে এই মামলা দায়ের করেন।
বিচারক আবদুল মজিদ মামলাটি গ্রহণ করে বিবাদীদের ১৫ জানুয়ারি আদালতে হাজির হতে বলেছেন।
সাকুরা পরিবহন প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ুন কবির, সাকুরা পরিবহন, দুর্ঘটনার জন্য দায়ী বাসের চালক তপু, নর্দান জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালককে এ মামলায় প্রতিপক্ষ করা হয়েছে।
বিচারক হোসনে আরা আক্তার ছাড়াও মামলার বাদী হিসাবে রয়েছেন তার মা রিজিয়া বেগম ও বিচারকের অপর ৪ ভাইবোন।
মামলার আরজিতে বলা হয়েছে, গত ৩০ মে তার ভাই এ এফ এম রেজাউল আমিন, তার স্ত্রী শেফরাজ পারভীন রোজিনা, ছেলে তালহা তাহসিন ইয়াস, মেয়ে তৈয়েবা তাসনিম ইশরা, রোজিনার বড় ভাইয়ের স্ত্রী বেবী সর্দার, তার মেয়ে দিলরুবা আক্তার, রোজিনার বড় বোন ফেরদৌসী বেগম, তার ছেলে সায়েম হাসান, রোজিনার মেজ বোন ফাতেমার মেয়ে তাজরিয়া, গৃহকর্মী কোহিনুর ও খুশি এবং গাড়ীচালক সোহেল রানাকে নিয়ে ঢাকার বাসা থেকে শরীয়তপুরের উদ্দেশ্যে রওয়ানা হন।
পথে ঢাকা মাওয়া সড়কের কদমপুর এলাকায় সাকুরা পরিবহনের একটি বাস ভুল পাশ দিয়ে বেপরোয়া গতিতে এসে মাইক্রোবাসটিকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মাক্রাবাসের ১২ আরোহীর মৃত্যু হয়।
নিহতদের সামাজিক মর্যাদা, প্রতিষ্ঠা, খ্যাতি এবং উপার্জনের সম্ভবনার বিচারে ক্ষতিপূরণ হিসাবে ২০ কোটি টাকা দাবি করা হয়েছে এই মামলায়।
মামলাকারীর পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট বোরহানউদ্দিন, খোন্দকার আবদুল মান্নান, গোলাম কিবরিয়া ও মলয় সাহা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/১০১২ ঘ.
bdnews24