ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছিনতাইয়ের মামলায় এক শিশুর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করায় তুরাগ থানার উপ-পরিদর্শক নজরুল ইসলামকে আদালতে তলব করেছেন একজন মহানগর হাকিম।
ঢাকার মহানগর হাকিম হাসিবুল হক মঙ্গলবার এ আদেশ দেন। আদেশে বলা হয়েছে, মামলার তদন্তে অবহেলা এবং অদক্ষতার বিষয়ে কেন ওই উপ-পরিদর্শকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না তা জানাতে তাকে তিন কর্মদিবসের মধ্যে আদালতে হাজির হতে হবে।
একই সঙ্গে আসামির সব কাগজপত্র জুভেনাইল কোর্টে (কিশোর আদালত) পাঠানোর আদেশ দেন তিনি।
শিশুটির নাম পারভেজ মমিন। তার বয়স ১৪ বছর। সে আইএস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র।
মামলার এজাহারে বলা হয়েছে, তুরাগের ওয়াইসিস কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী সুমী আক্তারের কাছ থেকে ১ হাজার ২০৬ টাকা কেড়ে নেয় পারভেজ মুমিনসহ অজ্ঞাত আরও তিন জন।
এ ঘটনায় সুমী বাদি হয়ে গত ১৮ অক্টোবর পারভেজের নাম উল্লেখ করে তুরাগ থানায় মামলা করেন। মামলায় পারভেজের বয়স দেওয়া দেখানো হয় ১৮ বছর।
এ মামলার তদন্ত কর্মকর্তা নজরুল ইসলাম গত ৩১ অক্টোবর পারভেজসহ পাঁচ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ মামলার অপর আসামিরা হলেন ইয়াসিন, আল আমিন, রবিউল, সাদ্দাম। সাদ্দাম, আল আমিন ও রবিউল পলাতক রয়েছে।
আসামি পক্ষের আইনজীবী কানিজ ফাতিমা আদালতে এক আবেদনে বলেন, পারভেজ মমিন জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার্থী। তার জন্ম ১৯৯৮ সালের ৪ এপ্রিল। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ওই অভিযোগপত্র দাখিলকারী কর্মকর্তা নজরুল ইসলামকে আদালতে তলব করা হয়।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, আসামি পারভেজসহ অপর আসামিরা ওই ছাত্রীর কাছ থেকে ১ হাজার ২০৬ টাকা ছিনতাই করেছে।
তবে আসামি পক্ষের আইনজীবী কানিজ ফাতিমা জানান, নাবালক পারভেজকে উদ্দেশ্যমূলকভাবে তাকে এ মামলায় জড়ানো হয়েছে। সে কারাগার থেকে অন্তর্বর্তীকালীন জামিন নিয়ে জেএসসি পরীক্ষা দিয়েছে।
মামলার নথিপত্র থেকে জানা যায়, গত ৪ নভেম্বর থেকে জেএসসি পরীক্ষা শুরু হয়। একদিন আগে জামিন নিয়ে পারভেজ ওই পরীক্ষায় অংশ নেয়। গত ২০ নভেম্বর আদালতে আত্মসমর্পণ করে স্থায়ী জামিনের আবেদন করেন। আদালত তার আবেদন নাকচ করে কারাগারে পাঠিয়ে দেন।
আসামি পক্ষের জামিন আবেদনে উল্লেখ করা হয়, জন্মসনদ অনুযায়ী পারভেজ নাবালক। তার জামিন পাওয়ার অগ্রাধিকার রয়েছে। কেননা উচ্চ আদালতে এ নিয়ে সিদ্ধান্ত রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসইউ/১০১৮ ঘ.
bdnews24