২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘এতটাই পুড়েছে, কী করে চিনব’

আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের পর ৫৩ লাশ বেওয়ারিশ হিসেবে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে মঙ্গলবার দাফন হলেও এমন কয়েকজনকে পাওয়া গেছে, তারা নিজেদের স্বজনের খোঁজ যেমন পাননি, তেমনি লাশ দেখেও বুঝতে পারেননি এগুলো তাদেরই প্রিয়জন কি না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2012, 06:22 PM

Updated : 24 Aug 2022, 12:32 PM

কামাল হোসেন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের পর ৫৩ লাশ বেওয়ারিশ হিসেবে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে মঙ্গলবার দাফন হলেও এমন কয়েকজনকে পাওয়া গেছে, তারা নিজেদের স্বজনের খোঁজ যেমন পাননি, তেমনি লাশ দেখেও বুঝতে পারেননি এগুলো তাদেরই প্রিয়জন কি না। ঘটনার পর আশুলিয়া থেকে আনা ৬০ লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে দুদিন পড়ে থাকলেও সাতজনের স্বজনরা লাশ সনাক্ত করতে পেরেছেন। রফিকুল, মাজেদা, মাসুমা, মুন্নি, মরজিনা, জাহেদা ও মরিয়াম- এই সাতজনের লাশ সনাক্তের পর স্বজনরা নিয়ে গেছে। কিন্তু এই দুই দিনে মর্গে এসেছেন অন্তত ২০ জন, যারা শনিবার অগ্নিকাণ্ডে স্বজন হারিয়েছেন বলে দাবি করেছেন। মঙ্গলবার সকালে বাবা, মা, ভাই ও ভাবীর খোঁজে আসে ১৩ বছরের শিশু লিয়ন। তার বাড়ি রংপুরের মিঠাপুকুরের লতিফপুর গ্রামে। লিয়ন বলেন, অগ্নিকাণ্ডের সময় তার বাবা নজরুল, মা আমেনা, ভাই নয়ন ও ভাবী মিনারা তাজরিন ফ্যাশনসে ছিলেন। লাশ সনাক্ত করতে পেরেছ কি না- জানতে চাইলে এই কিশোর বলেন, “এত পোড়া লাশে কীভাবে তাদেরকে খুঁজে বের করব।” রংপুর থেকে বোন ও বোনের স্বামীর খোঁজে এসেছিলেন শাহনুর বেগম। ভাই শাহীন ও ভাইয়ের স্ত্রী জান্নাতিকে খুঁজে পাচ্ছেন না বলে জানালেন তিনি। “এত পোড়া লাশ থেকে তাদেরকে চিনতে পারছি না,” অসহায় কণ্ঠে বলেন শাহনুর। মেয়ে লিপি ও পপির খোঁজে এসে চিনতে না পেরে ফিরে যান জামালপুরের আব্দুল খলিল। দুই দিন খুঁজেও আতিকুলকে সনাক্ত করতে না পেরে জামালপুর ফিরে যান তার স্ত্রী রাশেদ বেগমও। রংপুরের বাবুল মিয়ার তিন মেয়ে লাভলী, লাইলী ও পপি তাজরিন ফ্যাশনসে কাজ করতেন। অগ্নিকাণ্ডের পর নিখোঁজ তিন মেয়ের সন্ধানে রোববার আশুলিয়ার নিশ্চিন্তপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে যান বাবুল মিয়া। সেখানে রাখা সব লাশ দেখেও মেয়েদের সনাক্ত করতে পারেননি তিনি। বাবুল মিয়ার ভাস্তে শাহ আলম মঙ্গলবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোকর ডটকমকে বলেন, “চাচা প্রায় পাগল হয়ে গেছে। তাই তাকে রংপুরে পাঠিয়ে দিয়েছি। ঢাকার মর্গে গিয়ে লাশগুলো দেখেছি। কিন্তু চিনতে পারিনি।” ডিএনএ পরীক্ষার মাধ্যমে লাশ সনাক্তের কথা প্রশাসনের পক্ষ থেকে বলা হলেও স্বজনের খোঁজে আসা এই মানুষের সে বিষয়ে কিছু জানা নেই বলে দেখা গেছে। এ বিষয়ে শাহ আলম বলেন, “চাচাকে দেশে পাঠিয়েছি। সে পাগলপ্রায়। কয়েকদিন যাক, পরে এসে ডিএনএ পরীক্ষা করাব।” ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক আবুল ফজল মীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যে ৫৩টি লাশ জুরাইন কবরস্থানে দাফন করা হয়েছে। এখন স্বজনরা জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করলে স্বজনের নমুনা সংগ্রহের জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এর পর মৃতদের নমুনার সঙ্গে মিলিয়ে পরিচয় সনাক্তের চেষ্টা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/০০১৫ ঘ.