২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ বিল সংসদে পাস

প্রচলিত জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানির প্রসার ঘটাতে ‘টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ বিল-২০১২’ সংসদে পাস হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2012, 04:45 PM

Updated : 24 Aug 2022, 12:32 PM

ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রচলিত জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানির প্রসার ঘটাতে ‘টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ বিল-২০১২’ সংসদে পাস হয়েছে। জাতীয় সংসদের মঙ্গলবারের অধিবেশনে জ্বালানি প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক বিলটি পাসের প্রস্তাব করেন। পরে সেটি কণ্ঠভোটে পাস হয়। এর আগে বিলের ওপর দেওয়া জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব ও সংশোধনীগুলো নাকচ হয়। গত ১১ সেপ্টেম্বর বিলটি সংসদে উত্থাপন করা হয়। এই বিলে একজন চেয়ারম্যান ও অনধিক ১৬ সদস্যের সমন্বয়ে পরিচালনা পর্ষদ গঠনের বিধান রাখা হয়েছে। সদস্যদের মধ্যে পাঁচ জন সার্বক্ষণিক এবং বাকীরা অবৈতনিক সদস্য হওয়ার প্রস্তাব রাখা হয়েছে। চেয়ারম্যান ও সার্বক্ষণিক সদস্যদের সরকার নিয়োগ দেবে বলে প্রস্তাব করা হয়। অবৈতনিক সদস্যদের মধ্যে ছয় জন মন্ত্রণালয়/বিভাগের প্রতিনিধি এবং শিক্ষাবিদ, পেশাজীবী, কারিগরি বিশেষজ্ঞ, ব্যবসায়ী প্রতিনিধি বা বেসরকারি উন্নয়ন সংস্থা থেকে পাঁচ জনকে মনোনীত করবে সরকার। বিলে কর্র্তপক্ষের ২১টি দায়িত্ব ও কাজের উল্লেখ রয়েছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো-টেকসই জ্বালানি বিষয়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যোগাযোগ স্থাপন, জ্বালানি অদক্ষ যন্ত্রপাতি চিহ্নিতকরণ এবং সেগুলোর আমদানি ও বিক্রয় বন্ধ করা, নবায়নযোগ্য জ্বালানির ট্যারিফ নির্ধারণ সংক্রান্ত বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করে এনার্জি রেগুলেটরি কশিনে প্রস্তাব পাঠানো, বেসরকারি পর্যায়ে টেকসই জ্বালানির বাণিজ্যিক বাজার ব্যবস্থা গড়ে তোলা। বিলে কর্তৃপক্ষকে তার কাজ করতে যে কোনো ব্যক্তি বা সংস্থার সঙ্গে চুক্তি সম্পাদনের স্বাধীনতা দেওয়া হয়েছে। তবে বিদেশি সরকার বা আন্তর্জাতিক সংস্থার সঙ্গে চুক্তি করতে হলে সরকারের পূর্ব অনুমোদন নেওয়ার বিধান রাখা হয়েছে। এই কর্তৃপক্ষ প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে জ্বালানি নিরীক্ষণ সেল বিলোপ হবে বলেও বিলে উল্লেখ করা হয়। বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, “পরিবেশ বিপর্যয়কারী প্রচলিত জীবাশ্ম জ্বালানির ক্ষতিকর প্রভাব হ্রাস করে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন ও প্রসার বিশ্বব্যাপী গুরুত্বের সঙ্গে বিবেচিত হচ্ছে। জীবাশ্ম জ্বালানির ক্রমহ্রাসমান মজুদ এবং সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে বিকল্প অনুসন্ধান জরুরি হয়ে পড়েছে।” মোহাম্মদ এনামুল হক আরো বলেন, বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি সম্পদের উন্নয়ন, প্রসার, জ্বালানি সংরক্ষণ ও এর দক্ষ ব্যবহারের লক্ষ্যে একক প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালনের জন্য একটি টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ সৃষ্টি করা জরুরি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএ/২২৩৪ ঘ.