২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ ট্রাক অস্ত্র: সিইউএফএল নিরাপত্তা কর্মকর্তার সাক্ষ্য দান

আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় সাক্ষ্য দিয়েছেন চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) এর সাবেক সহকারী নিরাপত্তা কর্মকর্তা মবিন হোসেন খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2012, 04:10 PM

Updated : 24 Aug 2022, 12:32 PM

চট্টগ্রাম, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় সাক্ষ্য দিয়েছেন চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) এর সাবেক সহকারী নিরাপত্তা কর্মকর্তা মবিন হোসেন খান। মঙ্গলবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ ও সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক এস এম মজিবর রহমানের আদালতে তিনি সাক্ষ্য দেন। সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক বুধবার সকাল পর্যন্ত আদালতের কার্যক্রম মুলতবি ঘোষণা করেন। ওইদিন আসামিপক্ষের আইনজীবীরা মবিন হোসেনকে জেরা করবেন। সাক্ষ্যে মবিন হোসেন বলেন, সিইউএফএল এর তৎকালীন ব্যবস্থাপনা পরিচালককে অস্ত্র আটকের দিন বিষয়টি জানানোর পরও তিনি ঘটনাস্থলে যান নি এবং কারণ অনুসন্ধানে কমিটি করেননি। “অস্ত্র আটকের সময় এমডি ও জিএম এর কর্মকা- দেখে মনে হয়েছে বিষয়টি তারা আগে থেকেই জানতেন।” সিইউএফএল এর তৎকালীন এমডি মোহসিন উদ্দিন তালুকদার এবং জিএম (প্রশাসন) দুই জনই এ মামলার আসামি এবং গ্রেপ্তার হয়ে তারা এখন কারাগারে আছেন। সাক্ষ্যে মবিন বলেন, রাত একটার দিকে আনসার কমান্ডার আবু তৈয়ব ফোনে জেটি ঘাটে অবৈধ মালামাল নামানোর বিষয়টি জানায়। পরে আমি নিজেই ঘটনাস্থলে যাই। “জেটি ঘাটে অস্ত্র ও গোলাবারুদ দেখে বিষয়টি তাৎক্ষণিকভাবে এমডি মোহসিন উদ্দিন তালুকদারকে জানাই। তিনি ওসি কর্ণফুলীকে বিষয়টি জানাতে বলেন। ওসি কর্ণফুলী তখন ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। এ কথা এমডিকে জানালে জবাবে তিনি বলেন, ওসি সাহেব যেহেতু সেখানে আছেন তাহলে আপনার কিছু করার নেই।” পরদিন সকালে তৎকালীন ভারপ্রাপ্ত শিল্প সচিব নুরুল আমীন তাকে জানান, তিনি চলে যাবেন। তাকে বিদায় দিতে বিশ্রামাগারে গিয়ে সেখানে এমডি ও সচিব মহোদয়কে ঘটনা সম্পর্কে বিস্তারিত অবহিত করেন বলে সাক্ষ্যে জানান মবিন হোসেন। “শিল্প সচিব বলেন, এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। উর্ধতন কর্তৃপক্ষ এ বিষয়ে জানে। এমডিও একই কথা বলেন। এরপর শিল্প সচিব চলে যান।” মঙ্গলবার দুপুরে মামলার বাদি ও প্রথম তদন্ত কর্মকর্তা কর্ণফুলী থানার তৎকালীন ওসি আহাদুর রহমান সাক্ষ্য দেন। গত ১৫ নভেম্বর বাদি হিসেবে ওসি আহাদ সাক্ষ্য দেন। পরবর্তীতে তাকে জেরাও করা হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২১৫৭ ঘ.