সাতক্ষীরা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরা শহরের একটি ক্লিনিক থেকে তিনটি তক্ষক উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে শহরের পলাশপোল এলাকায় পাইলস কেয়ার সেন্টার থেকে তক্ষকগুলো উদ্ধার করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত ক্লিনিকটি সিলগালা করে দেয় বলে জানান ম্যাজিস্ট্রেট খন্দকার মো. রিজাউল করিম।
তিনি বলেন, গোপন সংবাদ পেয়ে ওই ক্লিনিকে অভিযান চালানো হয়। তবে বিষয়টি আগেই টের পেয়ে ক্লিনিকটির মালিক ডা. এইচ এস এম নুর পালিয়ে যান।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। তক্ষকগুলো সুন্দরবন কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান ম্যাজিস্ট্রেট।
সাতক্ষীরা জেলা প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা ডা. শিশির কুমার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তক্ষক বিপন্ন প্রজাতির প্রাণী। এর বিষ যেহেতু অনেক উপকারী তাই পাচারকারীরা এটি বিভিন্ন দেশে পাচার করে থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২০০৬ ঘ.
bdnews24