২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫৩ শ্রমিকের শেষ ঠিকানা জুরাইন

আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ‘পরিচয়হীন’ ৫৩ শ্রমিকের লাশ জুরাইন কবরস্থানে দাফন করেছে আঞ্জুমানে মফিদুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2012, 11:41 AM

Updated : 24 Aug 2022, 12:33 PM

কামাল হোসেন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আশুলিয়ার নিশ্চিন্তপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ‘পরিচয়হীন’ ৫৩ শ্রমিকের লাশ জুরাইন কবরস্থানে দাফন করেছে আঞ্জুমানে মফিদুল ইসলাম। জীবন্ত দগ্ধ হওয়া এই শ্রমিকদের দুই দফা জানাজার পর মঙ্গলবার বিকালে দাফন করা হয়। পরে কোনো স্বজন আত্মীয়তার দাবি নিয়ে এলে যাতে শনাক্ত করা সম্ভব হয়, সেজন্য প্রত্যেকের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। দাফনের পর প্রত্যেকের ফলকেও একটি শনাক্তকারী নম্বর উল্লেখ করা হবে। শনিবার আশুলিয়ার নিশ্চিন্তপুরে তুবা গ্রুপের তৈরি পোশাক কারখানা তাজরিন ফ্যাশনসে স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১০ জন নিহত হওয়ার সরকারি হিসাব পাওয়া যায়। এদের মধ্যে ৬০টি লাশের দাবিদার না থাকায় সেগুলো দাফনের জন্য প্রথমে আঞ্জুমানে মফিদুল ইসলামকে দেয়া হয়। পরে সিদ্ধান্ত বদলে স্বজনদের জন্য মঙ্গলবার পর্যন্ত অপেক্ষার কথা জানায় জেলা প্রশাসন। মোট ৭ জন স্বজন তাদের পরিবারের সদস্যকে শনাক্ত করে লাশ নিয়ে যাওয়ার পর মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বাকি মরদেহগুলো আঞ্জুমানের কাছে হস্তান্তর শুরু করে জেলা প্রশাসন। ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক আবুল ফজল মীর এ সময় সাংবাদিকদের বলেন, “কাল রাতে আমাদের কাছে ৫৫ জনের লাশ ছিল। আজ জাহেদা ও মরিয়ম নামের দুই নারীকে শনাক্ত করে লাশ নিয়ে গেছেন তাদের স্বামীরা। আমরা ৫৩ জনের মরদেহ দাফনের জন্য আঞ্জুমানে মফিদুলে হস্তান্তর করছি।” আঞ্জুমানে মফিদুল ইসলামের সহকারী পরিচালক মো. আবদুল হালিম পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জুরাইন কবরস্থানে দাফনের আগে মর্গের সামনে এবং কবরস্থানে নিয়ে দুই দফা জানাজা পড়া হয়। সবার লাশই দাফন করা হয় ইসলামী রীতি অনুযায়ী। মর্গের সামনে প্রথম জানাজা শেষে চারটি গাড়িতে করে লাশ নিয়ে যাওয়া হয় জুরাইন কবরস্থানে। সেখানে দ্বিতীয় জানাজায় অংশ নেন স্থানীয় বাসিন্দাদের অনেকেই। তাজরিন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের রাত থেকে নিখোঁজ অনেক শ্রমিকের স্বজনরাও এ সময় কবরস্থানে ভিড় করেন। কিন্তু পুড়ে অঙ্গার হয়ে যাওয়া কোনো লাশকে নিজেদের পরিবারের সদস্য হিসাবে শনাক্ত করে উঠতে পারেননি তারা। ঢাকা মেডিকেলে ডিএনএ নমুনা সংগ্রহ করার পর প্রতিটি লাশ রাখা হয়েছিল ক্রমিক নম্বর দেয়া এক একটি ব্যাগে। সোমবার থেকেই জুরাইনে চলছিল কবর খোড়ার কাজ। দুপুরে সেখানে দ্বিতীয় জানাজা শেষে সেই ক্রমিক নম্বর অনুযায়ী এক এক করে লাশগুলো শুইয়ে দেয়া হয় কবরে। আঞ্জুমানের সহকারী পরিচালক হালিম জানান, ডিএনএ নমুনা সংরক্ষণের ভিত্তিতে প্রত্যেকের জন্য বরাদ্দ ওই পরিচিতিমূলক নম্বর তাদের কবরের ফলকেও দেয়া হচ্ছে, যাতে পরে কারো স্বজনের খোঁজ মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া যায়। এই ৫৩ জনের মধ্যে কতোজন নারী আর কতোজন পুরুষ- তা জানাতে পারেননি অতিরিক্ত জেলা প্রশাসক আবুল ফজল মীর। তিনি বলেন, “লাশগুলো এতোটাই পোড়া যে এ বিষয়গুলো বাইরে থেকে পরীক্ষা করা প্রায় অসম্ভব ছিল।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১৭৩৫ ঘ.