ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর মাধবদীতে একটি ডাইং কারখানাকে প্রায় ২৭ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
মঙ্গলবার ম্যাক টেক্সটাইল মিলস লিমিটেড নামের এ কারখানাকে এ জরিমানা করা হয়েছে বলে পরিবেশ অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ বছর ধরে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই বেআইনিভাবে কারখানাটি চলছিল। আকস্মিক পরিদর্শনে কারখানার বর্জ্য শোধনাগার (ইটিপি) অকার্যকর এবং দূষণের ঘটনা প্রমাণিত হওয়ায় পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী কারখানার ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার পালকে ২৬ লাখ ৭২ হাজার টাকা জরিমানা করেন।
পরিবেশ ছাড়পত্র গ্রহণ না করা পর্যন্ত কারখানার উৎপাদন বন্ধেরও নির্দেশ দেন তিনি।
এ কারখানারটি এ পর্যন্ত ৮ দশমিক ৩৫ কোটি লিটার রাসায়নিক মিশ্রিত তরল বর্জ্য পুরাতন ব্রহ্মপুত্র নদে ফেলেছে। পরিবেশ অধিদপ্তরের রাসায়নিক পরীক্ষায় এ কারখানার তরল বর্জ্যে ডিও, পিএইচ, বিওডি, সিওডি ও টিডিএস সবই আদর্শ মাত্রার বাইরে পাওয়া যায়।
পরিবেশ সংরক্ষণ আইনে লাল শ্রেণিভুক্ত এ কারখানার তরল বর্জ্য মাটি, পানি ও জলাশয়সহ সার্বিক পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এসইউ/১৫৫৬ ঘ.
bdnews24