জামালপুর, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে চারটি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বেলা ১১টার দিকে দেয়াল নির্মাণের জন্য মাটি খোঁড়ার সময় বোমগুলো পাওয়া যায়।
জামালপুর সদর থানার ওসি মজিবুর রহমান মজুমদার বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ের মসজিদের পাশে ফুল বাগানের দেওয়াল নির্মাণ করার সময় মাটির নিচে বোমাগুলো পায় শ্রমিকরা।
খবর পেয়ে পুলিশ স্কচটেপ মোড়ানো বোমা চারটি উদ্ধার করে। বোমাগুলো দীর্ঘদিন আগে পুতে রাখা হয়েছে বলেও ধারণা করা হচ্ছে।
এগুলো উদ্ধার করে সদর থানায় নিয়ে পানিতে ডুবিয়ে রাখা হয়েছে। তবে এগুলো তাজা না অকার্যকর তা পরীক্ষা করা ছাড়া বলা যাচ্ছে না।
এ ব্যাপারে মামলা করা হবে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৫২৬ ঘ.
bdnews24