সাভার, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের হেমায়েতপুরে একটি তৈরি পোশাক কারখানায় সোমবার আগুন লাগার পর বের হতে গিয়ে ফটক বন্ধ পেয়ে ব্যাপক ভাংচুর চালিয়েছে শ্রমিকরা।
এসময় শ্রমিকদের সঙ্গে কারখানার নিরাপত্তা রক্ষীদের সংঘর্ষে কমপক্ষে ৩০ শ্রমিক আহত হয়। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ সাভারের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
সাভারের আশুলিয়ায় তাজরিন ফ্যাশনস নামে একটি কারখানায় অগ্নিকাণ্ডে ১১০ জন নিহত হওয়ার একদিন বাদেই হেমায়েতপুরের ঋষিপাড়া এলাকার ব্যাবিলন গ্রুপের তৈরি পোশাক কারখানা অবনী ফ্যাশনে এই ঘটনা ঘটল।
শ্রমিকরা বলছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি মেশিনে আগুন লাগার খবরে তারা দ্রুত বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু ফটক বন্ধ থাকায় বের হতে পারছিলেন না।
তৃতীয় তলায় কর্মরত কোয়ালিটি ম্যানেজার মৃদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে আগুন লাগার খবর শুনে সবাই হুড়োহুড়ি করে নামতে শুরু করে। তখন বেশ কয়েকজন আহতও হয়।
শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে কর্তৃপক্ষ কারখানার ফটক খুলে দেয়।
তাজরিন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের সময় ফটক বন্ধ থাকায় এত প্রাণহানি হয়েছে বলে শ্রমিকদের অভিযোগ।
কারখানায় আগুন লাগার খবরে অগ্নিনির্বাপক বাহিনীর গাড়িও চলে আসে। তবে বাহিনীর কর্মকর্তা আঞ্জুম রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।
এদিকে ফটক খুলে দেয়ার পর শ্রমিকরা বেরিয়ে এসে ব্যাপক ভাংচুর চালায়। ১০টি কভার্ড ভ্যানসহ ১৫টি যানবাহন ভাংচুর হয়।
তবে কারখানার কর্মকর্তারা দাবি করেছেন, মোট ২৬টি গাড়ি ভাংচুর হয়েছে।
ব্যাবিলন গ্রুপের উপব্যবস্থাপক জাহাঙ্গীর আলম দাবি করেন, ভাংচুরে কিছু বহিরাগত যুবক অংশ নেয় এবং তারাই গাড়ি ভাংচুর করে।
সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে আসেন। পুলিশ লাঠিপেটা শুরু করলে কারখানার নিরাপত্তারক্ষীদের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে আহত হন ৩০ শ্রমিক।
আহত আট শ্রমিককে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজনের নাম জানা গেছে, তারা হলেন- মাহফুজা, মর্জিনা, নাজমা, জরিনা ও জেসমিন।
সাভার ওসি মো. আসাদুজ্জামান বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। কারখানায় পুলিশ মোতায়েন রয়েছে।
ভাংচুরের বিষয়ে কেউ কোনো অভিযোগ দেয়নি জানিয়ে তিনি বলেন, তদন্তের পর বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের গ্রেপ্তার করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেটি/এএইচএ/এফএ/এমআই/২২০৪ ঘ.
bdnews24