নারায়ণগঞ্জ, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সিদ্ধিরগঞ্জ এলাকায় হোল্ডিং ট্যাক্স ধার্যের প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।
সোমবার নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভের সময় তারা কর্পোরেশনের আঞ্চলিক কার্যালয়ে ভাংচুর করে তালা লাগিয়ে দেয়।
মেয়র সেলিনা হায়াত আইভী বলেছেন, একটি মহল পরিকল্পিতভাবে এসব করাচ্ছে।
দুপুর সাড়ে ১২টা থেকে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ চলার পর ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রহিম, নজরুল ইসলাম ও মাকসুদা মোজাফ্ফর এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।
গত বছরের ৫ মে নারায়ণগঞ্জ, বন্দর কদম রসুল ও সিদ্ধিরগঞ্জ পৌরসভাকে বিলুপ্ত করে নাসিক গঠিত হয়। প্রথম বছর সিদ্ধিরগঞ্জের সাধারণ হোল্ডিং থেকে কোন ট্যাক্স নেয়া হয়নি। এবারই প্রথম ২৩ হাজার হোল্ডিংকে ট্যাক্সের আওতায় আনা হয়।
বিক্ষোভকারীদের অভিযোগ, এলাকার অধিকাংশ রাস্তাঘাট ভাঙ্গা, ড্রেনেজ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা খারাপ হওয়ায় সামান্য বৃষ্টিতেই পানি জমে যায়। পরিচ্ছন্নতাকর্মী না থাকলেও এর জন্য ট্যাক্স, রাস্তায় ল্যাম্পপোস্ট না থাকলেও বিদ্যুৎ ট্যাক্স ধরা হয়েছে নাসিকের দেয়া নোটিশে।
ট্যাক্সের বিরুদ্ধে আপিল করতে হলেও ১০০ টাকা দিয়ে ফরম কিনতে হচ্ছে বলে জানান বিক্ষুব্ধরা।
নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনউল্লাহ নূরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিদ্ধিরগঞ্জে ২৩ হাজার হোল্ডিংকে প্রথমবারের মতো ট্যাক্সের আওতাভুক্ত করা হয়েছে। এরমধ্যে মাত্র তিন হাজার গ্রাহক আপিল করেছেন।
কর দেয়ার জন্য প্রতিদিন সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক হিসেবে ভিড় করছে গ্রাহকেরা। কর ছাড়া উন্নয়ন কীভাবে সম্ভব?
এ ব্যাপারে মেয়র সেলিনা হায়াত আইভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সীমিত সম্পদ দিয়ে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়নের কাজ চলছে। ইতোমধ্যে ৬০/৭০ কোটি টাকার উন্নয়ন কাজের দরপত্র সম্পন্ন হয়েছে।
তিনি বলেন, “একটি মহল সিটি কর্পোরেশনের উন্নয়নকে ব্যাহত করতে পরিকল্পিতভাবে এসব করাচ্ছে। যারা সিদ্ধিরগঞ্জকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত করতে চাননি তাদের ইন্ধনেই এসব হচ্ছে।”
শনিবারও একই দাবিতে সিদ্ধিরগঞ্জে নাসিম ওসমানের অনুসারী হিসেবে পরিচিত জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মোহাম্মদ আলীর নেতৃত্বে মানববন্ধন হয়। নাসিম সিটি কর্পোরেশন নির্বাচনে আইভীর প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের বড় ভাই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২০২৬ ঘ.
bdnews24