ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাজারীবাগের বৌবাজার বস্তিতে অগ্নিকাণ্ডে আহত সুমন (২৫) সোমবার সকালে মারা গেছেন।
এ নিয়ে গত ১৮ নভেম্বরের ওই ঘটনায় মৃতের সংখ্যা ১২ জনে দাঁড়াল। সুমনের ছেলে আবদুল আহাদও (৬ বছর ৬ মাস) এই অগ্নিকাণ্ডে মারা যায়।
আহত সুমন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। সোমবার সকালে সুমনের স্ত্রী পারুল লাশ গ্রহণ করেন। পরে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়।
পারুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনার দিন দেয়াল টপকে পার হওয়ার সময় সুমনের কোল থেকে পড়ে যায় আহাদ। আহাদকে উদ্ধার করতে গিয়ে পিতাপুত্র দুজনই দগ্ধ হন।
আহাদের মৃত্যুর পর জেলা প্রশাসন পারুলকে ২০ হাজার টাকা দিয়েছে, তার স্বামীর জন্যও ২০ হাজার টাকা দেয়।
আরমান হোসেন কালু নামে পারুলের ৩ বছর বয়সি আরেকটি ছেলে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১৮৩৭ ঘ.
bdnews24