ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ড তদন্তে একটি স্বাধীন কমিটি গঠনে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও বেলার প্রধান নির্বাহীর কাছে নাম চেয়েছে হাই কোর্ট।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে সোমবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ ১০ দিনের মধ্যে ওই নাম জমা দিতে বলেছে।
পাশাপাশি এই প্রাণহানির জন্য দায়ীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না, তা জানাতে বলেছে হাই কোর্ট।
তাজরিনে অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিকের প্রাণহানির একদিন বাদে আইন ও সালিশ কেন্দ্র, ব্লাস্ট, নিজেরা করি এবং ব্র্যাক যৌথভাবে এই রিট আবেদন করে।
এনজিওগুলোর আবেদনে একজন অবসরপ্রাপ্ত বিচারপতি, যথাযথ পেশাজীবী, সুশীল সমাজের সদস্য, শ্রমিক সংগঠনগুলোর প্রতিনিধি নিয়ে কমিটি গঠনের আর্জি জানানো হয়।
তাদের পক্ষে শুনানিতে অংশ নেয়া ড. কামাল হোসেন সাংবাদিকদের বলেন, “আমরা অবসরপ্রাপ্ত বিচারপতি চাইলে আদালত সেই মর্মে আদেশ দেননি। তবে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও বেলার প্রধান নির্বাহী এমন কারো নাম প্রস্তাব করতে পারবেন।”
আইন ও সালিশ কেন্দ্রের আইনজীবী অবন্তী নুরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নাম এলে আদালত তাদের নিয়ে কমিটি গঠন করে দেবে।
তাজরিন ফ্যাশনসে আগুন তদন্তে ইতোমধ্যে মন্ত্রণালয়, জেলা প্রশাসন, পুলিশ ও অগ্নিনির্বাপক বাহিনী পাঁচটি তদন্ত কমিটি গঠন করেছে।
তাজরিনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে কী পদক্ষেপ নেয়া হয়েছে- এক মাসের মধ্যে প্রতিবেদন আকারে তা আদালতে জমা দিতে ওই পোশাক কারখানার ব্যবস্থাপনা পরিচালক ও তুবা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেনকে নির্দেশ দেয়া হয়েছে। কীসের ভিত্তিতে ওই ক্ষতিপূরণ দেয়া হচ্ছে, প্রতিবেদনে তাও উল্লেখ করতে বলা হয়।
বাংলাদেশের সব পোশাক কারখানার একটি তালিকাও চেয়েছে আদালত। দুই মাসের মধ্যে শিল্প সচিবকে এই প্রতিবেদন দিতে বলা হয়।
ওই সব কারখানার প্রত্যেকটিতে অগ্নি নির্বাপণে সংশ্লিষ্ট আইনের বিধান অনুসারে কী ব্যবস্থা নেয়া হয়েছে, তাও সচিবের প্রতিবেদনে উল্লেখ করতে হবে।
একইসঙ্গে এ বিষয়ে ১৯৯৭ সালে দায়ের একটি রিট আবেদনের রায় বাস্তবায়নে অগ্রগতিও জানতে চাওয়া হয়েছে।
রিট আবেদনে শিল্প সচিব, শ্রম সচিব, শিল্প মন্ত্রণালয়ের প্রধান কারখানা পরিদর্শক, বিজিএমইএর সভাপতি, ফায়ার সার্ভিসের মহাপরিচালক, তুবা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন ও তাজরিন ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালককে বিবাদী করা হয়েছে।
সংবিধান ও আইনের বিধান মতে কার্যকরভাবে ওই ঘটনা তদন্ত, আহত ও নিহত হওয়ার ঘটনার জন্য দায়ীদের বিচার ও শাস্তি দেয়ার নির্দেশ বিবাদীদের কেন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছে আদালত।
এই জন্য বিবাদীদেরন এক মাস সময় দেয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এইচএএইচ/এমআই/১৭৫১ ঘ.
bdnews24