ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যে সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সংখ্যা অপ্রতুল সেগুলো বন্ধ করে দেয়ার জন্য আইন করা হচ্ছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
তিনি বলেন, “যেখানে শিক্ষকদের সমান সংখ্যক শিক্ষার্থীও পাস করে না, সেসব শিক্ষা প্রতিষ্ঠান রাখার দরকার নেই। এই অযৌক্তিক শিক্ষা প্রতিষ্ঠান না রাখার জন্যই আইন করছি।”
জাতীয় সংসদের সোমবারের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের সাংসদ মোশাররফ হোসেনের এক সম্পূরক প্রশ্নের উত্তরে একথা বলেন শিক্ষামন্ত্রী।
মোশাররফ হোসেন সংসদে তার প্রশ্নের একপর্যায়ে বলেন, “সম্পদের সীমাবদ্ধতার কথা শুনতে চাই না। আমরা এমপিও চাই।”
জবাবে শিক্ষামন্ত্রী একটি ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরে সংসদে বলেন, “আমি এক শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে দেখলাম সেখানে শিক্ষক পাঁচজন আর ছাত্র একজন। তখন আমি সেই সৌভাগ্যবান ছাত্রকে দেখতে চাইলাম, যার জন্য পাঁচজন শিক্ষক। কিন্তু, তাকেও আমি দেখতে পাইনি।”
এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন কাটলে তারা আদালতে যায়। এ রকম সাড়ে আট হাজার মামলা আছে মন্ত্রণালয়ের বিরুদ্ধে। আদালতের রায় আমাদের মানতে হয়, যোগ করেন নাহিদ।
শিক্ষা মন্ত্রী এ সময় সংসদকে জানান, সম্পদের অপ্রতুলতার থাকলেও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে। এমপিওভুক্ত শিক্ষকদের জন্য শিক্ষা মন্ত্রণালয়কে বছরে সাড়ে পাঁচ হাজার কোটি টাকা দিতে হয়। যা শিক্ষা খাতের মোট বাজেটের ৬৫ শতাংশ।
সংরক্ষিত মহিলা আসনের সাংসদ অপু উকিল এক লিখিত প্রশ্নে মন্ত্রীর কাছে জানতে চান, এটা সত্যি কিনা যে, শিক্ষা মন্ত্রণালয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার অভাবে সেখানকার ঘুষ-দুর্নীতির মুলোৎপাটন এখনো সম্ভব হয়নি।
জবাবে শিক্ষামন্ত্রী বলেন, “শিক্ষা মন্ত্রণালয়ে দুর্নীতি নেই একথা বলব না, তবে দুর্নীতির বিরুদ্ধে মন্ত্রণালয়ের অবস্থান- জিরো টলারেন্স। মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পর দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করি।
“এর মধ্যে দুর্নীতির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শাস্তিমূলক ব্যবস্থা ও মটিভেশনের ফলে শিক্ষা মন্ত্রণালয়ের দুর্নীতি বহুলাংশে হ্রাস পেয়েছে। টিআইবির ২০১১ সালের প্রতিবেদনে এর সত্যতা পাওয়া যায়।”
মাহমুদুস সামাদ চৌধুরীর প্রশ্নের জবাবে শিক্ষা মন্ত্রী বলেন, প্রাইভেট টিউশনিতে মনোযোগী, এমন শিক্ষকদের বিরুদ্ধে আচরণবিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে। কোচিং ব্যবসায় নিয়োজিত শিক্ষকদের পর্যবেক্ষণ করা হচ্ছে। ইতোমধ্যে এ ধরনের কিছু শিক্ষকের তালিকা তৈরি করা হয়েছে।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ভাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানোর বিষয়ে জানতে চান সংরক্ষিত মহিলা আসনের সাংসদ আমিনা আহমেদ।
জবাবে নুরুল ইসলাম নাহিদ জানান, বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। আর এ সুবিধা এমপিভুক্ত সকল শিক্ষক-কর্মচারীরা পাবেন।
সাংসদ নুরুন্নবী চৌধুরীর লিখিত প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, চলতি অর্থ বছরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানেগুলোতে বেতন ভাতা বাবদ ব্যয়ের লক্ষ্যমাত্রা রয়েছে ৫ হাজার ৫৯০ কোটি ৩৭ লাখ ৪৮ হাজার টাকা। গত অর্থ বছরের তুলনায় তা ২০৯ কোটি দুই লাখ ৩৬ হাজার ২৩১ টাকা বেশি।
সাংসদ শাহ্রিয়ার আলমের লিখিত প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, বর্তমানে দেশে পাঁচ ধরনের ২৭ হাজার ৫৯৩টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত রয়েছে। এরমধ্যে নিম্ন মাধ্যমিক তিন হাজার ৩৪১, মাধ্যমিক ১২ হাজার ৭৪৬, কলেজ দুই হাজার ৩৬৩, কারিগরি এক হাজার ৫৪৫ এবং মাদ্রাসা সাত হাজার ৫৯৮টি। আর এমপিওবিহীন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা হচ্ছে পাঁচ হাজার ২৩টি।
সাংসদ শহিদুজ্জামান সরকারের প্রশ্নের জবাবে তিনি জানান, দেশের ‘প্রতিটি উপজেলায় একটি করে কারিগরি বিদ্যালয় স্থাপন’ শীর্ষক একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্পের প্রথম পর্যায়ে ১০০টি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল স্থাপন করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/সিএস/এমআই/০১১৮ ঘ.
bdnews24