ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারে পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় অসনাক্ত ৫৫ লাশের পরিচয় জানতে আরো একদিন অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা জেলা প্রশাসন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার লাশগুলোর ডিএনএ নমুনা সংরক্ষণের পর জুরাইন কবরস্থানে দাফনের কথা থাকলেও তা আপাতত হচ্ছে না বলে জানিয়েছেন ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন তালুকদার।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মানবিক দিক বিবেচনা করে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার সকাল ১০টা পর্যস্ত লাশগুলো মর্গে রাখা হবে। এ সময়ের মধ্যে কেউ যদি তাদের স্বজনের খোঁজে আসে, তবে তাদের লাশ দেখানো হবে।”
তাজরিন কারখানা থেকে রোববার পরিচয়বিহীন ৬০টি লাশ আনার পর সোমবার রাত পর্যন্ত পাঁচটি লাশ স্বজনরা সনাক্ত করে নিয়ে যায় বলে প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন। তার আগেই সবার লাশের ডিএনএ নমুনা সংরক্ষণ করা হয়।
সোমবার সন্ধ্যায় রফিকুল ইসলামের (৩০) লাশ তার স্ত্রী রতœা বেগম এবং মাজেদা বেগমের (৩৩) লাশ তার স্বামী জুবেদ আলী সনাক্ত করে নিয়ে যান। তাদের দুজনের গ্রামের বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর থানায়।
এর আগে মর্জিনা নামে এক শ্রমিকের লাশ তার স্বামী আব্দুস সাত্তার সনাক্ত করে নিয়ে যান। মাসুমা আকতার (৩০) নামে আরেক শ্রমিকের লাশ নিয়ে যান তার স্বামী হুমায়ুন কবির।
৬০টি লাশের মধ্যে মুন্নী নামে এক শ্রমিকের লাশ ওই রাতে তার স্বজনরা নিয়ে যায় বলে ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক আবুল ফজল মীর সাংবাদিকদের জানিয়েছেন।
এরপর সোমবার দুপুর ১টায় বাকি ৫৯টি লাশের ডিএনএ নমুনা সংরক্ষণ শুরু হয়। এরপর পাঁচটি লাশ হস্তান্তর হয়। এখন মর্গে ৫৫টি লাশ রয়েছে।
আশুলিয়ার নিশ্চিন্তপুরে শনিবার তাজরিন ফ্যাশনসে লাগা আগুন নিয়ন্ত্রণে আনার পর রোববার নিহত মোট ১১০ জনের সরকারি হিসাব পাওয়া যায়।
এদের মধ্যে ৬০টি লাশের দাবিদার না থাকায় সেগুলো দাফনের জন্য প্রথমে আঞ্জুমানে মফিদুল ইসলামকে দেয়া হয়। পরে সিদ্ধান্ত বদলে স্বজনদের জন্য সোমবার পর্যন্ত অপেক্ষার কথা জানায় জেলা প্রশাসন। এখন আরো একদিন অপেক্ষার সিদ্ধান্ত হল।
অতিরিক্ত জেলা প্রশাসক আবুল ফজল মীর জানান, লাশগুলোর ডিএনএ নমুনা সংগ্রহের পর সাঙ্কেতিক সংখ্যা ব্যবহার করে জুরাইন কবরস্থানে তা দাফন করা হবে।
পরবর্তীতে যদি কেউ তার স্বজনের খোঁজে আসে তবে ডিএনএ নমুনা ও সাঙ্কেতিক সংখ্যার সঙ্গে মিলিয়ে লাশের পরিচয় নিশ্চিত করা হবে।
এদিকে, সোমবার দুপুরে ছয়টি পরিবার তাদের স্বজনের খোঁজে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে আসে।
পর্যায়ক্রমে ওই ছয়টি পরিবারকে লাশগুলো দেখানো হচ্ছে বলে আবুল ফজল জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইচএ/আরএ/এমআই/২২৩০ ঘ.
bdnews24