সাভার, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের নিশ্চিন্তপুরের তাজরিন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে মৃতের যে সংখ্যা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে তা সঠিক নয় বলে দাবি করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
সোমবার সকালে অগ্নিদগ্ধ এই কারখানা ঘুরে দেখে তিনি সাংবাদিকদের বলেন, “সরকার মৃতের যে সংখ্যা বলছে তা সঠিক নয়। আরো শ্রমিক পুড়ে মারা গেছে। আমাদের ধারণা চার থেকে পাঁচশ শ্রমিকের মৃত্যু হয়েছে।”
শনিবার রাতে তাজরিন ফ্যাশনসে আগুনে ১১০ জন নিহত হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।
নিহতদের নামের তালিকা এবং অগ্নিকাণ্ডের সময় কারখানায় মোট কত মানুষ ছিল তা প্রকাশের দাবি জানান সাইফুল হক।
কারখানার কলাপসিবল গেট বন্ধ না থাকলে এতো শ্রমিক মারা যেত না বলেও মন্তব্য করেন তিনি।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই নেতা বলেন, কারখানায় আগুন লাগানো হচ্ছে না কি নিছক দুর্ঘটনা তা তদন্ত করে ব্যবস্থা নিতে হবে।
শ্রমিকদের অধিকার আদায়ে পোশাক কারখানায় শ্রমিকদের ট্রেড ইউনিয়ন গঠনের সুযোগ দেয়ারও দাবি জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/১৫২০ ঘ.
bdnews24