ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারে পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় অসনাক্ত ৫৯ লাশের ডিএনএ নমুনা সংরক্ষণ শুরু হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
সোমবার দুপুর ১টার দিকে লাশগুলোর ডিএনএ নমুনা সংগ্রহের কাজ শুরু করা হয় বলে সাংবাদিকদের জানিয়েছেন ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক আবুল ফজল মীর।
তিনি বলেন, ঢাকা মেডিকেল মর্গে রাখা ৬০টি লাশের মধ্যে রোববার রাত ৯টার দিকে মুন্নী নামে এক শ্রমিকের লাশ তার স্বজনরা সনাক্ত করার পর নিয়ে যায়।
বাকী ৫৯টি লাশের ডিএনএ নমুনা সংগ্রহের পর বিকালে আঞ্জুমানে মফিদুল ইসলামকে দেয়া হবে। তারা বেওয়ারিশ লাশগুলো জুরাইন কবরস্থানে দাফন করবে।
তিনি জানান, তবে এ সময়ের মধ্যে কেউ যদি তাদের স্বজনদের খোঁজে আসে এবং লাশ সনাক্ত করতে পারে তবে তাদের কাছে লাশ হস্তান্তর করা হবে।
আশুলিয়ার নিশ্চিন্তপুরে শনিবার সন্ধ্যায় তাজরিন ফ্যাশনসে লাগা আগুন নিয়ন্ত্রণে আনার পর রোববার নিহত মোট ১১০ জনের সরকারি হিসাব পাওয়া যায়।
এদের মধ্যে ৬০টি লাশের দাবিদার না থাকায় ডিএনএ নমুনা সংগ্রহের জন্য তা ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়। এই লাশের দায়িত্ব দেয়া আঞ্জুমানে মফিদুল ইসলামকে।
আঞ্জুমানে মফিদুল ইসলাম বেওয়ারিশ লাশ দাফন করে থাকে। তারা সাভার থেকে পোশাক শ্রমিকদের লাশগুলো ঢাকায় নিয়ে আসে।
অতিরিক্ত জেলা প্রশাসক আবুল ফজল মীর জানান, লাশগুলোর ডিএনএ নমুনা সংগ্রহের পর সাংকেতিক সংখ্যা ব্যবহার করে জুরাইন কবরস্থানে তা দাফন করা হবে।
“পরবর্তীতে যদি কেউ তার স্বজনের খোঁজে আসে তবে ডিএনএ নমুনা ও সাংকেতিক সংখ্যার সঙ্গে মিলিয়ে লাশের পরিচয় নিশ্চিত করা হবে।”
এদিকে, দুপুরে ছয়টি পরিবার তাদের স্বজনের খোঁজে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে আসে।
এ ব্যাপারে আবুল ফজল মীর বলেন, পর্যায়ক্রমে ওই ছয়টি পরিবারকে লাশগুলো দেখানো হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১৩৫২ ঘ.
bdnews24