চট্টগ্রাম, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বহদ্দারহাটে ফ্লাইওভার ধসের দুই দিন পরে দুর্ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।
সোমবার বহদ্দারহাট ফ্লাইওভার প্রকল্পের পরিচালকসহ তিন প্রকৌশলীকে বরখাস্তের পর পাঁচ সদস্যের এই সিডিএর এই তদন্ত কমিটি গঠন করা হলো।
এছাড়া পূর্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকেও পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সোমবার দুপুরে সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিডিএর প্রধান প্রকৌশলী নাসির উদ্দিন মাহমুদ চৌধুরীকে প্রধান করে গঠন করা এ কমিটিকে আগামী সাতদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
তিনি জানান, পূর্ত মন্ত্রণালয়ের পাঁচ সদস্যের কমিটির প্রধান করা হয়েছে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শ্যামসুন্দর শিকদারকে। এই কমিটিকেও সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
কমিটিকে দুর্ঘটনার কারণ নির্ধারণ, দায়ি ব্যক্তিদের চিহ্নিত করা এবং সুপারিশ প্রণয়ণের জন্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে।
মন্ত্রণালয় থেকে এক পত্রে সোমবার সকালে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে পূর্ত মন্ত্রণালয়ের কমিটি গঠনের বিষয়টি জানানো হয়েছে।
ফ্লাইওভারের গার্ডার ধসে পড়ার ঘটনায় সোমবার সকালে প্রকল্প পরিচালকসহ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের তিন প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়।
বহদ্দারহাটের শাহ আমানত সংযোগ সড়কের বহদ্দারবাড়ি পুকুরের সামনে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফ্লাইওভারের তিনটি গার্ডার ভেঙে পড়ে। এ ঘটনায় সোমবার দুপুর পর্যন্ত ১৩ জনের মৃত্যুর কথা পুলিশ জানালেও চট্টগ্রাম জেলা প্রশাসনের আনুষ্ঠানিক হিসাব অনুযায়ী মৃতের সংখ্যা দশ।
নির্মাণাধীন ফ্লাইওভারের ভেঙে পড়ার ঘটনা তদন্তে এর আগে রোববার চট্টগ্রাম জেলা প্রশাসন পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছিল।
শনিবার দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ফ্লাইওভারের নির্মাণসামগ্রী ও সরঞ্জামে আগুন ধরিয়ে দেয়। ভাঙচুর করে চট্টগ্রাম জেলা প্রশাসকের গাড়িসহ বেশকিছু যানবাহন। এ ছাড়া বহদ্দারহাট মোড়ে সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালামের মালিকানাধীন ওয়েল ফুডের প্রদর্শনকেন্দ্রও ভাঙচুর করা হয়।
সিডিএর তত্ত্বাবধানে ২০১০ সালের ডিসেম্বরে ১ দশমিক ৪ কিলোমিটার দীর্ঘ এই ফ্লাইওভারের নির্মাণ কাজ শুরু হয়, যাতে ব্যয় ধরা হয় ১০৬ কোটি টাকা। পারিশা এন্টারপ্রাইজ ও মীর আক্তার এন্টারপ্রাইজ নামের দুটি ঠিকাদারী প্রতিষ্ঠান এর নির্মাণ কাজ করছে। চলতি বছরের ২৯ জুন একই ফ্লাইওভারের গার্ডার ভেঙে পড়ে এক রিকশাচালক আহত হয়েছিলেন।
সিডিএ চেয়ারম্যান জানান, ফ্লাইওভারের গার্ডার ভেঙ্গে পড়ার ঘটনায় হতাহতদের সরকারিভাবে সাহায্য দেয়া হবে।
তিনি বলেন, নিহতদের পরিবারকে দুই লাখ টাকা করে সাহায্য দেয়া হবে এবং আহতদের সবার চিকিৎসার খরচ বহন করা হবে।
শনিবার রাতে দুর্ঘটনার পর সোমবার বেলা বারটা পর্যন্ত সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম অথবা সিডিএর কোনো কর্মকর্তা দুর্ঘটনাস্থলে যাননি।
দুর্ঘটনার পরপর বিক্ষুদ্ধ জনতা আবদুচ ছালামকে গ্রেপ্তার এবং তার শাস্তিও দাবি করে।
এছাড়া নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীও ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তার শাস্তি দাবি করেছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসইউ/১৩৩২ ঘ.
bdnews24