মঈনুল হক চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
চট্টগ্রাম, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বহদ্দারহাট ফ্লাইওভারের গার্ডার ভেঙে ঠিক কতো জনের মৃত্যু হয়েছে- দুর্ঘটনার ৩৬ ঘণ্টা পরও তা স্পষ্ট নয়।
পুলিশ, উদ্ধারকর্মী আর স্থানীয়রা কেউ ১৩, কেউবা ১৪ জনের লাশ উদ্ধারের কথা বলেছেন। আর দুর্ঘটনাস্থলে যে দুই নির্বাহী হাকিমের তত্ত্বাবধানে উদ্ধার কাজ চলছে, তারা বলছেন ৯ জনের লাশ পাওয়ার কথা।
বন্দরনগরীর অন্যতম ব্যস্ত এ এলাকায় নির্মাণাধীন ফ্লাইওভারটির ওপর থেকে তিনটি কংক্রিটের গার্ডার হঠাৎ ভেঙে পড়ে শনিবার সন্ধ্যায়। এ দুর্ঘটনায় আহত হন অর্ধশতাধিক, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
সোমবার ভোর ৫টায় ঘটনাস্থলে পৌঁছে দেখা গেল লোকজন তেমন নেই। কয়েকটি খাবার হোটেল খুলেছে মাত্র। তবে নির্মাণাধীন ফ্লাইওভারের প্রবেশমুখে সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও বিজিবি সদস্যদের ঘেরাওয়ের মধ্যে দারুণ ব্যস্ত উদ্ধারকর্মীরা। ভোরের হিম হিম তাজা বাতাসে লাশের গন্ধ।
অন্য অনেকের তুলনায় এই বহদ্দারহাট মোড়কে অনেক বেশি ‘চেনেন’ সিটি করপোরেশনের প্রহরী সোলেমান। দিনরাত এখানেই কাটান বলে অনেক কিছুরই তিনি ‘সাক্ষী’।
সোলেমান জানালেন, গত ২৯ জুন যখন এই ফ্লাইওভারের আরেকটি গার্ডার ভেঙে পড়েছিল, সেটা ছিল শুক্রবার দুপুরে, জুমার নামাজের পরপর। লোকজন প্রায় ছিল না বলে এক রিক্সাওয়ালা তখন আহত হয়েছিলেন কেবল। তবে এবার যখন আবারো দুর্ঘটনা ঘটল, নিচে তখন ‘অনেক মানুষ’।
“বউত মানুষ মইয্যে। যারা হাম গইয্যে ইতারার মইদ্যে ঝামেলা। (গার্ডার) টানাটানি গইত্য যাইয়েরে পইয্যে।”
অর্থাৎ, গার্ডার পড়ে অনেক লোক মারা গেছে। যে ঠিকাদারী প্রতিষ্ঠান এ কাজ করছে তাদের মধ্যেই ‘ঝামেলা’ আছে। ফ্লাইওভারের ওপরে গার্ডার সরাতে গিয়েই ঘটেছে দুর্ঘটনা।
একই ধরনের কথা বললেন মোড়ের দোকানদার আবু তাহের ও পথচারী নূর ইসলাম।
দুর্ঘটনাস্থলের খুব কাছেই খাজা হোটেলের মোড়ে হোটেল শ্রমিক রফিক জানালেন, সেই সন্ধ্যায় তার চোখের সামনেই ভেঙে পড়ে ফ্লাইওভারের গার্ডার। পাশেই বাজার হওয়ায় এবং বহদ্দার পুকুর পাড়ে ছাত্রদের আড্ডা বসায় ফ্লাইওভারের নিচেও যথেষ্ট লোক ছিল সে সময়।
রফিকের সঙ্গী আবুল কাশেম বললেন, দুর্ঘটনার সময় ৬০ থেকে ৮০ জন লোক ছিল ওই স্থানটিতে।
“অনেক লোক মারা গেছে মনে হয়। গার্ডার চাপায় এখন তো লোকই দেখা যাচ্ছে না। শুধু গন্ধ আসে।”
দোকানের সামনেই টেবিল পেতে বসে থাকতে দেখা গেল দুই নির্বাহী হাকিম ফজলে আমিন অলি ও আসিফ ইমতিয়াজকে। তাদের তত্ত্বাবধানেই চলছে উদ্ধার কাজ।
কাজের অগ্রগতি জানতে চাইলে আসিফ ইমতিয়াজ বললেন, “এখন উদ্ধারকাজের মাঝপর্যায়ে আমরা। মাত্র ৩৬ ঘণ্টা শেষ হলো। আরো ২৪-৪৮ ঘণ্টা লাগতে পারে। খুব সতর্কতার সঙ্গে কাজ এগোচ্ছে। কোনোভাবেই যেন দুর্ঘটনার পুনরাবৃত্তি না ঘটে- সে দিকে লক্ষ্য রেখেছি আমরা।”
উদ্ধার হওয়া লাশের সংখ্যা নিয়ে উদ্ধারকর্মীরা বিভিন্ন কথা বললেও হাকিম জানালেন, সোমবার সকাল পর্যন্ত লাশ পাওয়া গেছে নয়টি।
“এডিএমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা (রোববার) রাত তিনটা পর্যন্ত ছিলেন। ওই সময় পর্যন্ত মৃতের সংখ্যা পেয়েছি ৯ জন। রাত ১১টা থেকে ভোর ছয় টা পর্যন্ত কোনো লাশ উদ্ধার হয়নি।”
দুর্ঘটনাস্থলে দেখা গেল সেনাকাহিনী ও ফায়ার ব্রিগেডের অর্ধশতাধিক কর্মী আধুনিক সরঞ্জাম নিয়ে ভেঙৈ পড়া গার্ডারে ছোট ছোট গর্ত করে উদ্ধার কাজ চালাচ্ছেন। ফের দুর্ঘটনা এড়াতেই এ ব্যবস্থা।
“আমরা চাইলে টেনে গার্ডার সরানোর চেষ্টা করতে পারতাম। তবে এতে আবারো কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তাই ছোট ছোট করে ভেঙে সরানো হচ্ছে”, বললেন এক উদ্ধারকর্মী।
নির্মাণ কৌশলে ত্রুটি?
নির্বাহী হাকিম আসিফ ইমতিয়াজ মনে করেন, একই নির্মাণ কাজে দুইবার একই ধরনের দুর্ঘটনা কোনোভাবেই কাকতালীয় হতে পারে না।
প্রকৌশলের ছাত্র থেকে প্রশাসনের চাকরিতে আসা ইমতিয়াজের মতে, ঠিকাদারি প্রতিষ্ঠান গার্ডারের জন্য পর্যাপ্ত ‘সাপোর্ট’ না রাখায় এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
“চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে তদন্ত চলছে। নির্মাণকারী প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্টদের বক্তব্যের পরই তদন্ত প্রতিবেদনে বেরিয়ে আসবে- কারা দায়ী।”
অবশ্য দুর্ঘটনা যে কারণেই হোক, জানমালের ক্ষতির জন্য সংশ্লিষ্টদের অবহেলাকে দায়ী করেন এই হাকিম।
তিনি বলেন, নির্মাণাধীন এলাকায় কোনোভাবেই সাধারণের অবাধে চলাচল, বাজার বসানো কিংবা জনসমাগমের সুযোগ থাকার কথা নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/১০৪০ ঘ.
bdnews24