ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফোরাত নদীর তীরে কারবালায় যুদ্ধক্ষেত্রে শহীদ ইমাম হোসেনের জন্য মাতম করে দেশজুড়ে পালিত হয়েছে পবিত্র আশুরা। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বের হতে দেখা যায় ‘তাজিয়া মিছিল’।
রোববার সকালে হোসেনি দালানের ইমাম বাড়া মসজিদ থেকে বের হয় একটি বিশাল তাজিয়া মিছিল। ‘হায় হোসেন-হায় হোসেন’ মাতমের মধ্য দিয়ে রাজধানীর নানা পথ অতিক্রম করে এ মিছিল। এছাড়াও আটকে পড়া বিহারিরা মোহাম্মদপুর ও মিরপুর থেকেও তাজিয়া মিছিল বের করে। খণ্ড খণ্ড মিছিলগুলো পরে এলেনবাড়ী এলাকায় এসে একত্রিত হয়।
রাজধানীর মোহাম্মদপুর শিয়া মসজিদের চেয়ারম্যান রাশেদ হায়দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকাল ৮ টায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাজিয়া মিছিল বের হয়। বিভিন্ন এলাকা থেকে আসা খন্ড খন্ড মিছিল এলেনবাড়ি এলাকায় প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে একত্রিত হয়।”
কারবালায় ইমাম হোসেনের বীরত্বপূর্ণ সংগ্রাম ও কারবালার প্রান্তরে তাকে যে সব দুর্ভোগ পোহাতে হয়েছিল, তার প্রতীকী অনুকরণ করে তাজিয়া মিছিলে অংশ নেওয়াদের অনেকেই। তারা নানাভাবে নিজের শরীরে আঘাত করে রক্ত ঝরিয়ে সহমর্মিতাও প্রকাশ করেন।
ঢাক, ঢোল পিটিয়ে রাজধানীর রাস্তায় ‘হায় হোসেন, হায় হোসেন’ বলে মাতম করতে দেখা যায় তাদের।
নিরাপত্তার জন্য রাজধানীর বিভিন্ন পয়েন্টে দেখা পুলিশ ও র্যাব সদস্যরা সতর্ক ছিল।
এদিকে বিকেলেও রাজধানীর বিভিন্ন এলাকায় খন্ড খন্ড ভাবে তাজিয়া মিছিল বের হতে দেখা যায়। মুলত শিয়া সম্প্রদায়ের লোকেরাই এসব মিছিলে অংশ নেন।
হিজরি ৬১ সালের এই দিনে (৬৮০ খ্রিস্টাব্দের ১০ অক্টোবর) বর্তমান ইরাকে ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে তখনকার শাসক এজিদের বাহিনী হত্যা করে মহানবী হযরত মুহাম্মদ (স.)- এর দৌহিত্র হযরত ইমাম হোসেনকে। সেই থেকে মুসলিম বিশ্বে ত্যাগ ও শোকের প্রতীক হিসেবে দিনটি পালিত হয়ে আসছে।
আশুরার এদিন অনেকে রোজাও রাখেন। প্রায় প্রতিটি মসজিদে অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা।
কারবালার বিয়োগাত্মক ঘটনা ছাড়াও বিভিন্ন কারনে দিনটি বিশ্বে মুসলিম সম্প্রদায়ের জন্য তাৎপর্যপূর্ন।
ইসলাম ধর্ম মতে, এদিনেই প্রথম হযরত আদম (আ:) বেহেস্তে প্রবেশ করেন, এদিনেই তাকে বেহেস্ত থেকে পৃথিভীতে প্রেরন করা হয়। এছাড়া ইসলাম ধর্মের দুই পয়গম্বর হযরত ইব্রাহিম (আ:) এবং হযরত ঈসা (আ:) ও এ দিনেই জন্মগ্রহন করেন।
মুসলিম বিশ্বাস মতে, এদিনেই কেয়ামত অনুষ্ঠিত হবে।
আশুরা দেশে সরকারি ছুটির দিন। দিবসটি উপলক্ষে রাষ্ট্রীয় প্রচারমাধ্যম বেতার, টেলিভিশন ও বেসরকারি টিভি চ্যানেলগুলো বিশেষ অনুষ্ঠান প্রচার করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এসইউ/১৮২৮ ঘ.
bdnews24