ঢাকা, ২৫ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন এবং চট্টগ্রামে ফ্লাইওভার ভেঙে শতাধিক মানুষের প্রাণহানির প্রতিবাদে সোমবার রাজধানীতে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে কয়েকটি সংগঠন।
কারখানায় আগুনে পুড়ে ও ফ্লাইওভারের গার্ডারের নিচে চাপা পড়ে মানুষের মৃত্যু ‘হত্যাকাণ্ডের সমতুল্য’ বলে মনে করে ওই দলগুলো।
এ দুই দুর্ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে বিচার বিভাগীয় তদন্তেরও দাবি জানিয়েছে তারা।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ এক বিবৃতিতে বলেন, এই দুটি ঘটনার কোনোটিকেই শুধু ‘দুর্ঘটনা’ বলে পার পাওয়ার কোনো সুযোগ নেই। দুটি ঘটনাই ‘স্বেচ্ছাকৃত অবহেলাজনিত হত্যাকাণ্ড’। সে কারণে তা ‘হত্যাকাণ্ডের’ অপরাধ হিসেবে বিচারযোগ্য।
আশুলিয়ার নিশ্চিন্তপুরের তাজরীন ফ্যাশন কারখানার মালিক এবং চট্টগ্রামে ফ্লাইওভার নির্মাণের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান কমিউনিস্ট পার্টির নেতারা।
বিবৃতিতে এভাবে প্রাণহানির প্রতিবাদে সোমবার বিকেল ৪টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ এবং ২৫, ২৬ ও ২৭ নভেম্বর তিন দিনের শোক পালনের ঘোষণা দেয়া হয়।
এঘটনার প্রতিবাদে একই দিন বেলা ১২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে শোক সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র।
এছাড়া জাতীয় মুক্তি কাউন্সিল, নয়াগণতান্ত্রিক গণমোর্চা, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ ও জাতীয় গণফ্রন্ট বিকেল ৩টায় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করবে।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান এক বিবৃতিতে নিহতদের প্রতি পরিবারকে পাঁচ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়া এবং আহতদের সুচিকিৎসা ও ক্ষতিপূরণ দেয়ার দাবি জানিয়েছেন।
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের এক বিবৃতিতে হতাহতদের জন্য দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার দাবি জানানো হয়। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।
এছাড়া গণতান্ত্রিক বাম মোর্চা, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি, জাতীয় গার্মেন্টস শ্রমিক জোট, নাগরিক ঐক্য, শ্রমিক জোট- বাংলাদেশ, জাতীয় পোশাক শিল্প শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন এ দুই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এফএফএস/এএইচ/১৯৫১ ঘ.
bdnews24