২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অগ্নিকাণ্ডের কারণ খুঁজবে ৩ তদন্ত কমিটি

সাভারের নিশ্চিন্তপুরে তুবা গ্রুপের তৈরি পোশাক কারখানা তাজরিন ফ্যাশনে অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে তিনটি তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন, পুলিশ ও ফায়ার ব্রিগেড কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2012, 12:29 PM

Updated : 24 Aug 2022, 12:32 PM

সাভার/ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের নিশ্চিন্তপুরে তুবা গ্রুপের তৈরি পোশাক কারখানা তাজরিন ফ্যাশনে অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে তিনটি তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন, পুলিশ ও ফায়ার ব্রিগেড কর্তৃপক্ষ। শনিবার সন্ধ্যা ৭টার দিকে ওই কারখানায় আগুন লাগার পর অগ্নিনির্বাপক বাহিনীর ১০টি ইউনিট প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টা চালিয়ে তা নিয়ন্ত্রণে আনে। রোববার দুপুরে উদ্ধার অভিযান শেষ করার পর কর্তৃপক্ষ যে তথ্য দিয়েছে, তাতে ১১০ জনের মৃত্যুর হিসাব পাওয়া যাচ্ছে। ঢাকার বিভাগীয় কমিশনার এ এন শামসুদ্দীন আল আজাদ জানান, আশুলিয়ায় অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে এবং দায়ীদের চিহ্নিত করতে প্রশাসনের পক্ষ থেকে সাত সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে (সার্বিক) আহ্বায়ক করে গঠিত এই কমিটিতে পুলিশ, ফায়ার ব্রিগেড, বিজিএমইএ ও শ্রমিক সংগঠনগুলোর প্রতিনিধিদেরও রাখা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে এই কমিটিকে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে কী করণীয়- সে বিষয়েও সুপারিশ করবে এই তদন্ত কমিটি। অগ্নিকাণ্ডের ঘটনায় তিন সদস্যের আরেকটি তদন্ত কমিটি করেছে পুলিশ বিভাগ। ঢাকা জেলার পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, এই কমিটির প্রধান করা হয়েছে পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত উপ মহা পরিদর্শক মিজানুর রহমানকে। এছাড়া ফায়ার ব্রিগেড ও সিভিল ডিফেন্সের প্রশাসন ও অর্থ বিষয়ক পরিচালক আব্দুস সালামকে প্রধান করে পাঁচ সদস্যের আরেকটি তদন্ত কমিটি করেছে অগ্নি নির্বাপক কর্তৃপক্ষ। বাহিনীর উপ পরিচালক ভরত চন্দ্র বিশ্বাসকে করা হয়েছে এই কমিটির সদস্য সচিব। ফায়ার সার্ভিসের মিরপুর প্রশিক্ষণ কমপ্লেক্সের ভাইস প্রিন্সিপাল বদিউজ্জামান, উপ সহকারী পরিচালক মাসুদুর রহমান ও জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা (ইপিজেড) আনোয়ার হোসেন কমিটিতে সদস্য হিসাবে রয়েছেন। কমিটির প্রধান ভরত চন্দ্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাদের সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেটি/এলএইচ/জেকে/১৮২৫ ঘ.