২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অক্ষতই আছে অগ্নিনির্বাপক যন্ত্রগুলো

সাভারের নিশ্চিন্তপুরের তাজরিন ফ্যাশনে আগুনে অন্তত ১১০ শ্রমিক অঙ্গার হয়ে গেলেও অক্ষতই আছে আগুন নেভানোর জন্য রাখা যন্ত্রগুলো। জানাচ্ছেন কামাল হোসেন তালুকদার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2012, 10:37 AM

Updated : 24 Aug 2022, 12:32 PM

কামাল হোসেন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় পাঁচ ঘণ্টার আগুনে অঙ্গার সাভারের নিশ্চিন্তপুরের তাজরিন ফ্যাশন। নিভে গেছে অন্তত ১১০টি প্রাণ। শুধু অক্ষত আছে আগুন নেভানোর জন্য রাখা নির্বাপক যন্ত্রগুলো। রোববার দুপুর ১টার দিকে কারখানার বিভিন্ন ফ্লোর ঘুরে দেখা গেছে, দ্বিতীয় থেকে অষ্টম তলা পর্যন্ত প্রত্যেক তলায় খুঁটিতে ঝুলিয়ে রাখা হয়েছে আটটি করে যন্ত্র। সর্বশেষ চলতি মাসের ৫ তারিখে এগুলো পরীক্ষা করা হয়েছে। আর কর্তৃপক্ষের স্বাক্ষরও রয়েছে তাতে। তৃতীয় ও চতুর্থ তলায় মেঝেতে দুটি যন্ত্র পড়ে থাকতে দেখা গেলেও সেগুলোর ওপেন রিঙ অক্ষতই ছিল। শুধু অষ্টম তলায় পড়ে থাকা একটি যন্ত্র ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। যিনি এই যন্ত্রটি ব্যবহার করেছেন আগুনের হাত থেকে রক্ষা পেয়েছেন কি না, তা উপস্থিত কেউ বলতে পারেননি। অগ্নি নির্বাপক বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ফরহাদুজ্জামানের তথ্য অনুযায়ী, নয় তলা ভবনটির তৃতীয় তলা থেকে লাশ উদ্ধার করা হয়েছে ৬৯টি, চতুর্থ তলায় ২১ এবং পঞ্চম তলায় ১০টি। এর আগে রাতেই প্রাণে বাঁচতে লাফিয়ে পড়ে মারা যায় আরো নয় শ্রমিক। সব মিলিয়ে উদ্ধার করা লাশের সংখ্যা ১১০। স্থানীয়রা বলছেন, আগুন বাড়ার সঙ্গে সঙ্গে আটকে পড়া শ্রমিকরা উপরের দিকে উঠতে থাকেন। আগুনের সঙ্গে পাল্লা দিয়ে টিকতে না পেরে তাদের অনেকেই সে সময় নিচে লাফিয়ে পড়েছেন, যাদের কেউ কেউ বেঁচেও গেছেন। তাজরিন ফ্যাশনের ওয়েবসাইট থেকে জানা যায়, এ কারখানায় আগুন নেভানো, উদ্ধার করা ও প্রাথমিক চিকিৎসা দেয়ার জন্য মোট ৩০০ কর্মী রয়েছেন। সবমিলিয়ে অগ্নিনির্বাপক যন্ত্র রয়েছে ৩৩৫টি। এ কারখানার প্রতিটি তলা প্রায় ১৬ হাজার বর্গফুট আয়তনের। কারখানার নিচতলায় গুদাম। চিকিৎসক, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী এবং শিশু পরিচর্যার জন্য জায়গা দ্বিতীয় তলায় এবং বাকি তলাগুলোতে ছিল কারখানা। তবে নিজেদের এই প্রতিরোধকর্মীদের কোনো তৎপরতা দেখা যায়নি শনিবার সন্ধ্যা থেকে। তাছাড়া অগ্নিনির্বাপক যন্ত্রগুলোর সঠিক ব্যবহার জানা থাকলে হয়তো আটকে পড়াদের অনেকেই প্রাণে রক্ষা পেতেন- এমনটিই বলছেন ভয়াবহ এ দুর্ঘটনার পর ভিড় করা মানুষজন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমএমআর/এফএফএস/এএল/১৬১৮ ঘ.