২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় হামলায় আহত ছাত্রদল নেতা

মাগুরার শ্রীপুর উপজেলায় ছাত্রদলের দুই নেতার উপর ছাত্রলীগ সমর্থকদের হামলার অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2012, 10:13 AM

Updated : 24 Aug 2022, 12:32 PM

মাগুরা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরার শ্রীপুর উপজেলায় ছাত্রদলের দুই নেতার উপর ছাত্রলীগ সমর্থকদের হামলার অভিযোগ উঠেছে। শ্রীপুর বাজারে শনিবার সন্ধ্যায় এ হামলায় আহত হন উপজেলা ছাত্রদলের আহবায়ক বাবলু মিয়া ও যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম। বাবলুকে রোববার মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শফিকুল প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বাবলু মিয়া সাংবাদিকদের বলেন, সন্ধ্যায় শফিকুল ইসলাম, রেজাউল ও টুকুর সঙ্গে শ্রীপুর বাজারের বটতলায় সংগঠনিক বিষয়ে কথা বলছিলেন। ওই সময় উপজেলা ছাত্রলীগের সহ-সাংগঠনিক সম্পাদক রোমান, ছাত্রলীগকর্মী মিজান ও সাদ্দামসহ বেশকিছু সমর্থক ধারালো অস্ত্রশস্ত্র ও লোহার রড দিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়। এ ব্যাপারে ছাত্রলীগ নেতা রোমান মিয়া বলেন, ছাত্রদলের লোকজন সরকার বিরোধী মিছিল করার প্রস্তুতি নেয়ার সময় বুঝতে পেরে বাধা দেয়া হয়। তখন ছাত্রদলকর্মীরা তাদের উপর হামলা চালায়। শ্রীপুর থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, ছাত্রলীগকর্মীরা ছাত্রদলের আহ্বায়কের উপর হামলা করেছে। এ ঘটনায় কেউ মামলা করেনি। তবে পুলিশ একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬০০ ঘ.