২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুলবাড়ীতে হরতালের মধ্যে সমঝোতার চেষ্টা

উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের তৎপরতা বন্ধে এবং এশিয়া এনার্জিবিরোধী সমাবেশে বাধা দেয়ার প্রতিবাদে টানা দ্বিতীয় দিনের মতো হরতাল করছে তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2012, 08:11 AM

Updated : 24 Aug 2022, 12:32 PM

দিনাজপুর, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উন্মুক্ত কয়লা খনির তৎপরতা বন্ধ এবং এশিয়া এনার্জিবিরোধী সমাবেশে বাধা দেয়ার প্রতিবাদে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকে টানা দ্বিতীয় দিনের মতো হরতাল চলছে দিনাজপুরের ফুলবাড়ীতে। তবে জেলা প্রশাসনের অনুরোধে আন্দোলনকারী নেতারা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সাথে বেলা সাড়ে ১১টায় সমঝোতা বৈঠকে বসেছেন। উন্মুক্ত কয়লা খনির পক্ষে তৎপরতা বন্ধ এবং এশিয়া এনার্জিবিরোধী সমাবেশে বাধা দেয়ার প্রতিবাদে শনিবার দিনব্যাপী হরতালের পর বিকালে নিমতলা মোড়ে সমাবেশ থেকে রোববারও হরতাল ডাকে তেল-গ্যাস রক্ষা কমিটি। তবে ফুলবাড়ীর সম্মিলিত ব্যবসায়ী সমিতির সমাবেশ থেকে লাগাতার হরতালের ঘোষণা দেয়া হয়। হরতালে রোববার সকাল থেকে ফুলবাড়ী উপজেলা সদরে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে দোকান-পাটও। বেলা ১১টায় জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী ও পুলিশ সুপার ময়নুল ইসলামসহ সরকারী কর্মকর্তারা বৈঠক করতে ফুলবাড়ী সড়ক ও জনপথ বিভাগের ডাক বাংলোতে এসে পৌছেন। এর পর ফুলবাড়ী ব্যবসায়ী সমিতি ও পেশাজীবি সংগঠনের নেতা ফুলবাড়ী পৌর মেয়র মানিক সরকার মিছিল নিয়ে ডাক বাংলোয় আসেন। তেল গ্যাস খনিজ সম্পদ বিদ্যুৎ ও বন্দর রক্ষা জাতীয় কমিটির ফুলবাড়ী শাখার আহবায়ক সৈয়দ সাইফুল ইসলাম ও সদস্য সচিব জয় প্রকাশ গুপ্তের নেতৃত্বে একটি দলও বৈঠকে যোগ দিয়েছে। এ সময় হাজার হাজার বিক্ষোভকারী হাতে লাঠি নিয়ে ডাক বাংলোর সামনে রাস্তায় অবস্থান নেয়। এদিকে এই বৈঠকের আগে সকালে হাজার হাজার নারী-পুরুষ হরতালের সমর্থনে ঢাকা মোড়, নিমতলা মোড়, বাস স্ট্যান্ড, বাজার রোডসহ শহরের বিভিন্ন সড়ক ও মোড়ে অবস্থান নেয়। আন্দোলনকারীরা শহরের বিভিন্ন সড়কে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করে। তেল-গ্যাস রক্ষা কমিটি শুক্রবার সমাবেশ ডেকেছিল। ওই সমাবেশকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করলেও তা উপেক্ষা করেই সমাবেশ করে তেল-গ্যাস রক্ষা কমিটি। ২০০৬ সালের ২৬ অগাস্ট ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি প্রকল্প বাতিল এবং উত্তোলনকারী কোম্পানি এশিয়া এনার্জিকে প্রত্যাহারের দাবিতে তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটির মিছিল-সমাবেশে গুলি চালায় পুলিশ। এতে নিহত হন আল আমিন, সালেকীন ও তরিকুল। এছাড়া আহত হন দুই শতাধিক। ওই ঘটনার পর স্থানীয়রা বিক্ষোভে ফেটে পড়লে তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকার ফুলবাড়ীবাসীর সঙ্গে চুক্তি করে পরিস্থিতি শান্ত করে। চুক্তিতে নিহতদের ক্ষতিপূরণ দেয়ার পাশাপাশি উন্মুক্ত পদ্ধতিতে খনন না করার কথাও বলা হয়। ওই সময় স্বাক্ষরিত ৬ দফা চুক্তির মধ্যে আরো ছিল- এশিয়া এনার্জিকে দেশ থেকে বহিষ্কার, নিহতদের স্মরণে স্মৃতি সৌধ নির্মাণ, গুলিবর্ষণকারীদের শাস্তি দেওয়া, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের সব মামলা প্রত্যাহার। নিহত ও আহতদের কিছু ক্ষতিপূরণ ও মামলাও প্রত্যাহারের দাবি পূরণ হলেও অন্য দাবিগুলো পূরণ হয়নি; যদিও ওই ঘটনার পর তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনাও ফুলবাড়ীতে এক জনসভায় চুক্তি বাস্তবায়নের আশ্বাস দিয়েছিলেন। আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার এই বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত না নিলেও প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী ও জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সুবিদ আলী ভূইয়া উন্মুক্ত পদ্ধতিতে কয়লা আহরণের পক্ষে বলে আসছেন। সর্বশেষ পদক্ষেপ হিসেবে গত মাসের ১৪ অক্টোবর ফুলবাড়ী কয়লাখনি এলাকায় একাধিক জরিপকাজে এশিয়া এনার্জিকে সহায়তা করার নির্দেশনা দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্থানীয় প্রশাসনকে চিঠি পাঠানো হয়। চিঠিতে বলা হয়, কোম্পানিটি পূর্ববর্তী অনুসন্ধানের কার্যকরিতা, কৃষি সম্ভাব্যতা, জনসংখ্যা, ভূ-গর্ভস্থ পানি ব্যবস্থাপনা, পরিবেশগত উন্নয়নসহ সমগ্র প্রকল্প সম্পর্কে জনগণকে অবহিত করতে চায়। খনিজ অনুসন্ধান লাইসেন্স ও খনি লিজ থাকায় তাদের এসব কাজ করার অধিকার আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউ/১৪০৫ ঘ.