সিরাজগঞ্জ, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে নির্মাণাধীন একটি সিএনজি স্টেশনের ভবন ধসে এক নির্মাণ শ্রমিক নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
সিরাজগঞ্জের পুলিশ সুপার হুমায়ুন আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানান, রোববার সকাল ৯টার দিকে সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের সলঙ্গা ধোপাকান্দি এলাকার শ্যামলী সিএনজি কনভার্সন অ্যান্ড ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেল আহম্মেদ সলঙ্গা থানার দাদনপুর গ্রামের শাহীন আহম্মেদের ছেলে।
সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছেন। ধসে পড়া ভবনের নিচে আর কেউ চাপা পড়েছে কি না- তাও খুঁজে দেখা হচ্ছে বলে পুলিশ সুপার জানান।
টাঙ্গাইলের ঘাটাইল ক্যাম্প থেকে সেনা বাহিনীর একটি দলও ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযানে অংশ নিচ্ছে।
সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার কারণ খতিয়ে দেখতে ৩ সদস্যের একটি বিশিষ্ট কমিটি গঠন করেছে স্থানীয় প্রশাসন।
পুলিশ সুপার হুমায়ুন বলেন, “নির্মাণ ত্রুটির কারণে নির্মাণাধীন ভবনটি ধসে পড়েছে বলে প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৩৪৫ ঘ.
bdnews24