২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে অগ্নিকাণ্ডে নিহত শতাধিক: পুলিশ

সাভারের আশুলিয়ায় পোশাক কারখানার অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা একশ ছাড়িয়ে গেছে বলে ধারণা করছে পুলিশ ও ফায়ার ব্রিগেড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2012, 04:17 AM

Updated : 24 Aug 2022, 12:32 PM

সেলিম আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি সাভার, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আশুলিয়ায় পোশাক কারখানার অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা একশ ছাড়িয়ে গেছে বলে ধারণা করছে পুলিশ ও ফায়ার ব্রিগেড। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় তোবা গ্রুপের তৈরি পোশাক কারখানা তাজরিন ফ্যাশনে এ আগুন লাগে। অগ্নিনির্বাপণ বাহিনীর ১০টি ইউনিট প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। রাতেই সাত নারীসহ নয় শ্রমিকের লাশ উদ্ধারের খবর দেন উদ্ধারকর্মীরা। তখনো ভেতরে ছিলেন শতাধিক কর্মী। ফায়ার ব্রিগেডের পরিচালক (অপারেশন) মেজর মাহবুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভবনের ভেতরে পোড়া ধ্বংসস্তূপের ভেতরে মৃতদেহ রয়েছে। উদ্ধার কাজ এখনো শেষ হয়নি।” ঢাকা জেলার পুলিশ সুপার হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফায়ার ব্রিগেডসহ উদ্ধারকারীদের সঙ্গে কথা বলে যা বুঝতে পেরেছি, এই অগ্নিকাণ্ডে একশরও বেশি লোকের মৃত্যু হয়েছে।” সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশন ইতোমধ্যে নিশ্চিন্তপুরে পৌঁছেছে। লাশ উদ্ধার পর নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নেওয়া হবে বলে ফায়ার ব্রিগেড কর্মকর্তারা জানিয়েছেন। এদিকে কারখানার ভেতরে আটকা পড়া শ্রমিকদের খোঁজে দুর্ঘটনাস্থলে জড়ো হওয়া স্বজনরা উদ্ধারকাজে বিলম্বের অভিযোগে সকালে পুলিশের উপর ঢিল ছুড়তে শুরু করেন। এ সময় লাঠিপেটা করে এবং কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান শিল্প পুলিশের উপ পরিচালক মোক্তার হোসেন। বর্তমানে পুলিশ, র‌্যাব ও বিজিবি সদস্যরা তাজরিন গার্মেন্টস ঘিরে রেখেছেন বলে জানান তিনি। পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, নয়তলা ভবনের ওই কারখানার বিভিন্ন তলা থেকে লাফিয়ে পড়ে অন্তত নয় জনের মৃত্যু হয়েছে। বাকিরা আগুনে পুড়েছে। নরসিংহপুরের নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের সহকারী ব্যবস্থাপক হরুণ অর রশিদ বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় আহত ৪৫ জন শ্রমিক তাদের ক্লিনিকে ভর্তি রয়েছে। দমকল বাহিনীর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নঈম মো. শহীদুল্লাহ বলেন, “বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুন লাগে বলে আমরা ধারণা করছি। তবে তদন্তের পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।” আগুন নিয়ন্ত্রণে আনতে এতো সময় লাগার কারণ জানতে চাইলে তিনি বলেন, আশপাশে যথেষ্ট পরিমাণ পানি না পাওয়ায় আগুন নিয়ন্ত্রণে দেরি হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএইচ/এএইচ/জেকে/১০১০ ঘ.