চট্টগ্রাম, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে নির্মাণাধীন ফ্লাইওভারের ভেঙে পড়ার ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
চট্টগ্রামের জেলা প্রশাসক আবদুল মান্নান রোববার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খালেদ মামুন চৌধুরীকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর সদস্য হিসেবে আছেন চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (উত্তর) মো. শহীদ উল্লাহ।
আগামী তিন দিনের মধ্যে এ কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে তিনি জানান।
চট্টগ্রামে নির্মাণাধীন ফ্লাইওভারের ভেঙে পড়া কংক্রিট কাঠামোর নিচ থেকে উদ্ধার করা হয়েছে আরো লাশ। রোববার সকাল পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় বহদ্দারহাটে এ দুর্ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক, যাদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।
শ’ খানেক সেনা সদস্য, পুলিশ ও র্যাব ও বিজিবি দুর্ঘটনাস্থল ঘিরে রেখে উদ্ধার অভিযান চালাচ্ছেন। কাউকে ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।
দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ফ্লাইওভারের নির্মাণসামগ্রী ও সরঞ্জামে আগুন ধরিয়ে দেয়। ভাঙচুর করে চট্টগ্রাম জেলা প্রশাসকের গাড়িসহ বেশকিছু যানবাহন। এ ছাড়া বহদ্দারহাট মোড়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালামের মালিকানাধীন ওয়েল ফুডের প্রদর্শনকেন্দ্রও ভাঙচুর করা হয়।
সিডিএর তত্ত্বাবধানে ২০১০ সালের ডিসেম্বরে ১ দশমিক ৪ কিলোমিটার দীর্ঘ এই ফ্লাইওভারের নির্মাণ কাজ শুরু হয়, যাতে ব্যয় ধরা হয় ১০৬ কোটি টাকা। পারিশা এন্টারপ্রাইজ ও মীর আক্তার এন্টারপ্রাইজ নামের দুটি ঠিকাদারী প্রতিষ্ঠান এর নির্মাণ কাজ করছে। চলতি বছরের ২৯ জুন একই ফ্লাইওভারের গার্ডার ভেঙে পড়ে এক রিকশাচালক আহত হয়েছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসইউ/১৪৪৯ ঘ.
bdnews24