২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাকিমের ওপর হামলা: ছাত্রলীগের মানববন্ধন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা আখেরুজ্জামান তাকিমের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ছাত্রলীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2012, 12:30 PM

Updated : 24 Aug 2022, 12:32 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা আখেরুজ্জামান তাকিমের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ছাত্রলীগ। শনিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে ছাত্রলীগ নেতারা যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করার জন্য জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি জানান। মানববন্ধনে উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিন ও সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মিজানউদ্দিন এবং প্রগতিশীল শিক্ষক সমাজের সদস্য ও অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. ইলিয়াস হোসেন। অন্যদের মধ্যে ছাত্রলীগ সভাপতি আহমেদ আলী, সাধারণ সম্পদাক বিপু হোসানইন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম রুবেল, সাংগঠনিক সম্পাদক জহিরুল হক জাকিরসহ দলের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। গত বুধবার রাত ৮টার দিকে ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহ-সভাপতি তাকিমের ওপর হামলা চালিয়ে তার হাত ও পায়ের রগ কেটে দেয় দুর্বৃত্তরা। ছাত্রলীগের অভিযোগ, ইসলামী ছাত্র শিবিরের কর্মীরাই এ হামলা চালিয়েছে। গুরুতর আহত তাকিমকে বুধবার রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসকদের পরামর্শে বৃহস্পতিবার রাতে তাকিমকে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল (বিএসএমএমইউ) বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। বিএসএমএমইউর চিকিৎসকরা শুক্রবার জানিয়েছেন, সংজ্ঞাহীন তাকিমের অবস্থার উন্নতি হয়নি। শিবির কর্মী আটক তাকিমের ওপর হামলার ঘটনায় শনিবার দুপুর ১টার দিকে ছাত্রলীগ নেতাকর্মীরা মাসুদ শেখ নামের এক শিবির কর্মীকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করে। মাসুদ ব্যবস্থপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। এ ব্যাপারে মতিহার থানার ওসি সানাউল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাসুদ ক্লাস করার জন্য রবীন্দ্রভবনের প্রধান ফটকে দিয়ে যাচ্ছিলেন। তখন ছাত্রলীগের নেতাকর্মীরা মাসুদকে গণপিটুনি দিয়ে আমাদের হাতে সোর্পদ করে।” মাসুদকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। এ ঘটনায় জামায়াত ও শিবিরের ১২ জনকে আটক করা হল। এর আগে রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর তথ্য ও প্রচার সম্পাদক এম এ মালেকসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৫৩৬ ঘ.