বরিশাল, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের গৌরনদী উপজেলায় ছুরিকাঘাতে আহত এক ইউনিয়ন পরিষদ সদস্যের মৃত্যু হয়েছে।
নিহত মো. শমসের আলী হাওলাদার (৪৫) উপজেলার নলচিড়া ইউনিয়ন পরিষদের সদস্য। শনিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গৌরনদী থানার ওসি আবুল কালাম জানান, নিহতের ভাই যমযম আলী হাওলাদার সকাল ১০টার দিকে শমসেরের মৃত্যুর কথা জানিয়েছেন।
ওসি জানান, ভিজিএফ কার্ড না পেয়ে নলচিড়া ইউনিয়নের কাণ্ডপাশা গ্রামের মো. আলী হোসেন ওরফে মন্টু হাওলাদার গত ১৬ অক্টোবর একই গ্রামের বাসিন্দা ইউপি সদস্য শমসের আলীর ঘরে ঢুকে তাকে ছুরিকাঘাত করে।
আহত অবস্থায় শমসেরকে প্রথমে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
শমসেরের ওপর হামলার দিনই গ্রেপ্তার মন্টু বর্তমানে কারাগারে আছেন বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এএইচ/১৭৫৫ ঘ.
bdnews24