২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারীর প্রতি সহিংসতা বন্ধে ‘ব্যবস্থার’ দাবি

নারীর প্রতি সহিংসতা বন্ধ এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ‘কার্যকরী ব্যবস্থা গ্রহণের’ দাবি জানিয়েছে মানবাধিকার সংগঠন অধিকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2012, 11:37 AM

Updated : 24 Aug 2022, 12:32 PM

চট্টগ্রাম, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারীর প্রতি সহিংসতা বন্ধ এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ‘কার্যকরী ব্যবস্থা গ্রহণের’ দাবি জানিয়েছে মানবাধিকার সংগঠন অধিকার। শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে নারীর প্রতি সহিংসতা বন্ধে আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত মানব বন্ধনে তারা এ দাবি জানায়। মানব বন্ধনে জানানো হয়, এ বছর জানুয়ারি থেকে অক্টেবর পর্যন্ত ৭০১ জন নারী ও মেয়ে শিশু ধষর্ণের শিকার হয়েছে। এছাড়া ৬৪ জন নারী যৌতুক সংক্রান্ত সহিংসতা, ৭১৯ জন নারী এবং ৪৩৬ জন মেয়ে শিশু বখাটেদের দ্বারা যৌন হয়রানির শিকার হয়েছেন। এতে আরো জানানো হয়, ২০১১ সালে ধর্ষণের শিকার হয়েছিল ৭১১ জন। এছাড়া ৬৭ জন নারী যৌতুক সংক্রান্ত সহিংসতা, ৫২৬ জন নারী এবং ৬৭২ জন মেয়ে শিশু বখাটেদের দ্বারা যৌন হয়রানির শিকার হয়েছিলো। মানব বন্ধনে বক্তব্য রাখেন সাবেক সাংসদ মাজাহারুল হক শাহ, হাটহাজারী উপজেলা ভাইস চেয়ারম্যান সাজেদা বেগম, ডা. খোদেজা খুরশীদ। মানব বন্ধনে বক্তারা বলেন, নারীর প্রতি ইতিবাচক ও সম্মানজনক দৃষ্ঠিভঙ্গির অভাব, আইনের সঠিক বাস্তবায়ন না হওয়া, বিচার ব্যবস্থার দুর্বলতা, পুলিশ প্রশাসনে দুর্নীতি এবং শ্রেণী বিভক্ত সমাজ ব্যবস্থার কারণে নারীর প্রতি সহিংসতার ঘটনাগুলো ঘটছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/আরএ/১৭২১ ঘ.