নারায়ণগঞ্জ, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সদর উপজেলা থেকে চোরাই অকটেন ও ডিজেলসহ দুই ব্যক্তিকে আটক করেছে কোস্টগার্ড।
শনিবার ফতুল্লার আলীগঞ্জ পিডব্লিউডি কলোনি থেকে আটকরা হলেন ফতুল্লার পঞ্চবটি এলাকার রাজ্জাক হাওলাদার ও সোবাহান মিয়া।
কোস্টগার্ড পাগলা স্টেশন কমান্ডার সাব লেফটেন্যান্ট ফেরদৌস আহম্মেদ বলেন, পিডব্লিউডি কলোনি এলাকায় একটি দোকানে যমুনা অয়েল কোম্পানির ট্যাংক লরি থেকে অবৈধভাবে তেল বিক্রির সময় দুই চোরাই তেল ব্যবসায়ীকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ১৫ হাজার লিটার অকটেন ও ডিজেল উদ্ধার করা হয় বলেও তিনি জানান।
রাজ্জাক ও সোবাহান দীর্ঘদিন ধরে চোরাই জ্বালানি তেল ব্যবসায় জড়িত বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭২০ ঘ.
bdnews24