২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কাউটস সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সমাজ গঠনে স্কাউটসদের দায়িত্বের কথা মনে করিয়ে দিয়ে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২৪তম স্কাউটস সম্মেলন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2012, 06:45 AM

Updated : 24 Aug 2022, 12:32 PM

ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সমাজ গঠনে স্কাউটসদের দায়িত্বের কথা মনে করিয়ে দিয়ে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২৪তম স্কাউটস সম্মেলন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই উদ্বোধন অনুষ্ঠান হয়। সম্মেলন উপলক্ষে বিশেষ খাম ও ডাকটিকিটও উন্মোচন করেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, “স্কাউটস সদস্যদের নিজেদেরকে সোনার ছেলে হিসাবে গড়ে তুলতে হবে।” “আমরা যতগুলো প্রিয় সংগঠন আছে স্কাউটস তাদের মধ্যে অন্যতম। স্কাউটিংয়ের মাধ্যমে ছোটবেলা থেকে ছেলেমেয়েরা ধাপে ধাপে আত্মনির্ভরশীল এবং সেবার ব্রত নিয়ে বেড়ে ওঠে। প্রকৃতির কাছাকাছি গিয়ে প্রায়োগিক শিক্ষা গ্রহণ করে।” স্কাউটিংকে উৎসাহিত করার কথা জানিয়ে তিনি বলেন, “এ বছরেই আমার সরকারি বাসভবন গণভবনে কাবদের অ্যাওয়ার্ড বিতরণের ফাঁকে কাবদের সঙ্গে মজার মজার খেলায় অংশ নিয়েছি। খেলায় খুব একটা খারাপ করিনি- তাই না?” প্রাকৃতিক দুর্যোগের সময়ে উদ্ধার কাজে স্কাউটসরাই সবার আগে ঝাঁপিয়ে পড়ে উল্লেখ করে সেই অবদানের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। “আমরা দেখতে চাই, তোমরা অতিশিগগির আমাদের জায়গায় এসেছ। আমরা যে জায়গা দখল করে আছি, তোমরা সে জায়গায় আসবে। তোমরাও আমার মতো প্রধানমন্ত্রী হবে।” স্কাউটস প্রশিক্ষকদের দায়িত্ব পালনে একনিষ্ঠ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “সৎ, দৃঢ় এবং দেশাত্মবোধে উজ্জীবিত সুনাগরিক তৈরিতে আপনাদের গুরুদায়িত্ব পালন করতে হবে।” বাংলাদেশ স্কাউটস, এশিয়া প্যাসিফিক রিজিওনাল স্কাউটসসহ বিশ্ব স্কাউটসের উন্নয়ন ও কাজের বিস্তারে বর্তমান সরকারের সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেন শেখ হাসিনা। তিনি বলেন, দেশে বর্তমানে ১১ লাখ ৬৪ হাজার স্কাউটস রয়েছে, ২০১৩ সালে এ সংখ্যা হবে ১৫ লাখ। সরকার তিনটি প্রকল্পের মাধ্যমে দেশের স্কাউটিং স¤প্রসারণে পৃষ্ঠপোষকতা করে যাচ্ছে। মৌচাক স্কাউট ট্রেনিং সেন্টারকে আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র করা এবং দেশের উত্তরাঞ্চলের একটি প্রশিক্ষণ কেন্দ্রের জন্য জমি বন্দোবস্ত দেয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী । বাংলাদেশে বিশেষ প্রোগ্রাম- স্কাউট লিডারদের জন্য কোর্স ফর লিডার ট্রেনার্স এবং রোভারদের জন্য ইয়ুথ ফোরাম শেষ হওয়ায় প্রশিক্ষক ও অংশগ্রহণকারীদের অভিনন্দন জানিয়ে ২৪তম আঞ্চলিক সম্মেলনেরও সফল সমাপ্তি প্রত্যাশা করেন শেখ হাসিনা। দারিদ্র্য বিমোচনসহ অর্থনৈতিক উন্নয়নে সরকারের নেয়া পদক্ষেপ এবং তাতে সফলতাও অনুষ্ঠানে তুলে ধরেন প্রধানমন্ত্রী। “দারিদ্র্য দূর করার মাধ্যমে আমরা বাংলাদেশকে এশিয়ার সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হিসেবে বিশ্ব মানচিত্রে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি।” “বিশ্ব মন্দা সত্ত্বেও অর্থনৈতিক উন্নয়নের চাকা শুধু সচলই রাখিনি, আগের যে কোনো সময়ের চেয়ে সামনে এগিয়ে নিয়ে গেছি। বাংলাদেশ এখন বিশ্বের পঞ্চম উচ্চ প্রবৃদ্ধি অর্জনকারী দেশ। প্রবাসী আয়ের দিক থেকে আমাদের অবস্থান সপ্তম।” বাংলাদেশ স্কাউটসের সভাপতি মো. আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বিশ্ব স্কাউটস কমিটির চেয়ারম্যান সায়মন হ্যাং-বোশ রি, বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার আবুল কালাম আজাদ। ফিলিপাইনের ভাইস প্রেসিডেন্ট ও এশিয়া-প্যাসিফিক স্কাউটসের চেয়ারম্যান জেজোমার সি বিনয়রে একটি বিবৃতি অনুষ্ঠানে পড়ে শোনান হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সম্মেলনের আয়োজক কমিটির আহবায়ক হাবিবুল আলম বীরপ্রতীক। অনুষ্ঠানের শুরুতেই স্কাউট আবরার আহমেদ তারিক বেহালা বাজিয়ে শোনান। অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটের ওপর নির্মিত একটি প্রামাণ্য চিত্র দেখানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১২৪১ ঘ.