নরসিংদী, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদী সদর ও রায়পুরা উপজেলা থেকে নগদ টাকাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক ব্যবসায়ী সন্দেহে নয়জনকে গ্রেপ্তারও করা হয়।
সদর মডেল থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশ বৃহস্পতিবার রাতে জেলার বিভিন্ন স্থানে এ অভিযান চালায়।
সদর মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চিনিশপুর ইউনিয়নের রাজাদি উত্তরপাড়া থেকে তিনশ’ ইয়াবা ট্যাবলেট, ১৭৫ বোতল ভারতীয় ফেনসিডিল, নগদ ৫০ হাজার টাকা উদ্ধার এবং মাদক ব্যবসায়ী শাহ আলম (২৮), মারফত আলী (৩৪), মজিদ রানা (২৪), নাজিম উদ্দিন (২৬) ও কাউসার মিয়াকে (৩০) গ্রেপ্তার করা হয়।
এদিকে ডিবি পুলিশের ওসি মামুনুর রশীদ মণ্ডল বলেন, জেলা গোয়েন্দা শাখার দু’টি টিম রায়পুরা ও সদর উপজেলায় অভিযান চালায়।
তারা নরসিংদী জেলা হাসপাতাল সংলগ্ন বাসাইল থেকে ১৮ ক্যান বিয়ার এবং রায়পুরার মরজাল থেকে ২৫ কেজি গাঁজা, একটি প্রাইভেটকার, ৮০টি ইয়াবা, ১০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে।
এ সময় মনির হোসেন, ওসমান, সাইদুল ও মণি বেগমকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে নরসিংদী সদর মডেল থানায় পৃথক দু’টি মামলা দায়ের হয়েছে বলেও পুলিশ কর্মকর্তারা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬৪০ ঘ.
bdnews24