২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় চোর সন্দেহে বৃহস্পতিবার রাতে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2012, 10:34 AM

Updated : 24 Aug 2022, 12:31 PM

নোয়াখালী, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় চোর সন্দেহে বৃহস্পতিবার রাতে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। নিহত সাইফুল ইসলাম (২৩) বসুরহাট পৌর এলাকার হুদা মিয়ার ছেলে। চুরি ও হত্যার ঘটনায় শুক্রবার বিকালে থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। স্থানীয়দের বরাত দিয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি মো. এমরান আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিরাজপুর ইউনিয়নের ছোট রাজাপুর গ্রামে একটি ঘরে বৃহস্পতিবার রাতে চুরি হয়। তিনি বলেন, চুরি করার সময় ঘরের লোকজন সাইফুলকে আটক করে। পরে আশপাশের লোকজনসহ তারা তাকে মারধর করে। হাসপাতালে নেয়ার সময় পথে মৃত্যু হয়। লাশ ময়ানাতদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। পুলিশ কর্মকর্তা আরো বলেন, এ ব্যপারে পুলিশের উপ-পরিদর্শক শিশির বিশ্বাস অজ্ঞাত ছয়শ’ লোককে আসামি করে হত্যা মামলা এবং ওই পরিবারের পক্ষে জসিম উদ্দিন অজ্ঞত পরিচয় তিনজনকে আসামি করে চুরির মামলার দায়ের করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬৩১ ঘ.