২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষা সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি

বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে সংসদ সদস্যদের কোটা বিষয়ক সিদ্ধান্তের আগেই তা প্রকাশের জন্য শিক্ষা সচিব কামাল আবদুল নাসের চৌধুরীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2012, 05:01 PM

Updated : 24 Aug 2022, 12:31 PM

ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে সংসদ সদস্যদের কোটা বিষয়ক সিদ্ধান্তের আগেই তা প্রকাশের জন্য শিক্ষা সচিব কামাল আবদুল নাসের চৌধুরীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি উঠেছে। বৃহস্পতিবার সংসদে শিক্ষামন্ত্রীর কাছে এই দাবি রাখেন সরকারদলীয় সংসদ সদস্য বেবী মওদুদ। কামাল আবদুল নাসের চৌধুরী গত ১১ নভেম্বর সাংবাদিকদের জানান, বেসরকারি বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে সংসদ সদস্যদের জন্য দুই শতাংশ কোটা রাখা হবে। এ জন্য সংশ্লিষ্ট নীতিমালা সংশোধন করা হচ্ছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে আলোচনা করে এই নীতিমালা জারি হবে বলে সচিব জানান। সংসদে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিসে বেবী মওদুদ বলেন, “শিক্ষা সচিব এই তথ্যটি কোন অধিকারে প্রকাশ করলেন? যেখানে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা হয়নি, প্রধানমন্ত্রীর মতামত নেয়া হয়নি। “সেখানে একজন সচিব কোন অধিকারে সংসদ সদস্যদের জনগণের কাছে হেয় প্রতিপন্ন করার জন্য এমন একটি তথ্য প্রকাশ করার ক্ষমতা রাখেন?” শিক্ষা সচিবের ওই বক্তব্যের পর ব্যাপক সমালোচনা উঠলে সরকার সংসদ সদস্যদের জন্য এই কোটা না রাখার সিদ্ধান্ত নেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২২৫৬ ঘ.