ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দৈনিক সকালের খবর পত্রিকার সম্পাদক, নির্বাহী সম্পাদক, প্রকাশক ও এক প্রতিবেদকের বিরুদ্ধে একশ’ কোটি টাকার মানহানির মামলা করেছেন সরকার দলীয় এক সংসদ সদস্য।
বৃহস্পতিবার ঢাকা পঞ্চম যুগ্ম জেলা জজ আদালতে মামলাটি করেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য এনামুল হক।
বিচারক গাজী সাইদুর রহমান মামলা আমলে নিয়ে ২৪ ফেব্রুয়ারি বিবাদীদের হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।
বিবাদিরা হলেন, দৈনিক সকালের খবরের সম্পাদক রোমো রউফ চৌধুরী, নির্বাহী সম্পাদক শাহনেওয়াজ দুলাল, প্রকাশক নুরুল ইসলাম অনু ও প্রতিবেদক নুরুজ্জামান লাবু।
বাদির আইনজীবী এস এম আতিকুর রহমান জানান, গত ১৩ নভেম্বর দৈনিক সকালের খবর পত্রিকায় ‘ক্ষমতাসীন এমপির জঙ্গি কানেকশন’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদে আমার মক্কেলের মর্যাদাহানি হয়েছে।
পত্রিকার ওই খবরের কারণে মানহানির অভিযোগে একশ’ কোটি টাকার ক্ষতিপূরণ চাওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমডি/এসইউ/১৪০০ ঘ.
bdnews24