ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মামলায় ফিলিপাইনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মাজেদা রফিকুন নেসা হাই কোর্টে জামিন চেয়ে বিফল হয়েছেন।
সাবেক এই কূটনীতিক বৃহস্পতিবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার বেঞ্চে হাজির হওয়ার পর তার আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন জামিনের আর্জি জানান।
অন্যদিকে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মো. খুরশীদ আলম খান এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. দিলীরুজ্জামান জামিনের বিরোধিতা করেন।
আদেশের পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. দিলীরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালত আবেদনটি ‘উপস্থাপিত হয়নি মর্মে’ খারিজ করে দিয়েছে।
তবে ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বলেন, “আবেদনটি উপস্থাপিত হয়নি মর্মে খারিজ করা হয়েছে শুনে আমি আদালতে আবারো যোগাযোগ করি। সেখানে আমি জানাই, আবেদনটি উপস্থাপিত হয়নি মর্মে খারিজ করার আবেদন তো আমি করিনি। তাহলে এই আদেশ কীভাবে হয়? পরে আদালত থেকে জেনেছি- আগামী সোমবার বিষয়টি স্পষ্ট হবে।”
তিনি বলেন, আদালত ‘উপস্থাপিত হয়নি’ মর্মে খারিজ করে দিলে বা আবেদন ফিরিয়ে দিলে তারা ওই আবেদন নিয়ে হাই কোর্টের অন্য বেঞ্চে যাবেন। আর সরাসরি খারিজ করে দিলে তারা আপিল বিভাগে যাবেন।
দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মাহবুবুল আলম গত ৩১ অক্টোবর শাহবাগ থানায় দুটি মামলা দায়ের করেন মাজেদা রফিকুন নেসার বিরুদ্ধে।
একটি মামলায় অভিযোগ, ম্যানিলা দূতাবাসের মালি ও ক্লিনারের বেতন, বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপনের খরচ দেখিয়ে এবং ভিসার জন্য কনস্যুলেট ফি হিসাবে অতিরিক্ত অর্থ আদায়ের মাধ্যমে মাজেদা ৭ লাখ ৪২ হাজার ৫৩২ টাকা আত্মসাৎ করেছেন।
অন্য মামলায় বলা হয়, ফিলিপাইনের রাষ্ট্রদূত থাকাকালে মাজেদা বিধি ভঙ্গ করে নিজের স্বামী আবদুল মান্নান, মেয়ে নওমি মান্নান ও বোন মাকসুদা শফিউন নেসাকে দূতাবাসের সেক্রেটারি, লোকাল বেজড সেক্রেটারি ও পারসোনাল অফিসার পদে নিয়োগ দেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক মাজেদা ২০১০ সালের সেপ্টেম্বরে ফিলিপাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেন। দুর্নীতির অভিযোগ ওঠার পর চলতি বছরের জুনে তাকে ফিরিয়ে আনা হয়।
এর আগে মালয়শিয়া, তুরস্ক, উজবেকিস্থানসহ বিভিন্ন দেশে বাংলাদেশ মিশনে কূটনীতিক হিসবে দায়িত্ব পালন করেন মাজেদা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৩৫৬ ঘ.
bdnews24