দিনাজপুর, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরের বোচাগঞ্জে ট্রাকচাপা পড়ে এক স্কুল ছাত্র নিহত হয়েছে।
বোচাগঞ্জ থানার ওসি আসলাম ইকবাল জানান, বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ট্রাকটি আটকে ভাংচুর করলে বোচাগঞ্জ-পীরগঞ্জ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
নিহত শ্যামল কান্ত রায় (১৪) বোচাগঞ্জের দৌলতপুর গ্রামের ধরনী কান্ত রায়ের ছেলে। সে স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১০টার দিকে প্রাইভেট পড়ে সাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে শ্যামল দুর্ঘটনার পড়ে। পৌর এলাকার সোয়া সেতুর উপর পীরগঞ্জ থেকে আসা একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই ট্রাক ফেলে চালক ও তার সহকারী পালিয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১১৫৯ ঘ.
bdnews24