২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদে কার্যপ্রণালী বিধি লঙ্ঘনের অভিযোগ শেখ সেলিমের

ডেপুটি স্পিকার শওকত আলীর বিরুদ্ধে সংসদের কার্যপ্রণালী বিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2012, 06:16 PM

Updated : 24 Aug 2022, 12:31 PM

ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডেপুটি স্পিকার শওকত আলীর বিরুদ্ধে সংসদের কার্যপ্রণালী বিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। তবে সরকারি দলের এই সদস্যের অভিযোগ প্রত্যাখ্যান করে শওকত আলী বলেছেন, কার্যপ্রণালী বিধি লঙ্ঘন হয়নি। ডেপুটি স্পিকারের সভাপতিত্বে বুধবার অধিবেশন চলাকালে রাত সোয়া ৮টার দিকে হঠাৎ দাঁড়িয়ে পয়েন্ট অব অর্ডারে কার্যপ্রণালী বিধি লঙ্ঘনের অভিযোগ করেন শেখ সেলিম। বুধবারের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে যারা প্রশ্ন করেছেন, তাদের প্রশ্নগুলো ছিল বিবৃতির মতো এবং মন্ত্রীদের উত্তরও দীর্ঘ ছিল বলে অভিযোগ করেন সরকারদলীয় সংসদ সদস্য। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এক প্রশ্নের জবাব শেষ করার পরপরই উঠে দাঁড়ান শেখ সেলিম। মন্ত্রী হওয়ার পর এদিনই প্রথম সংসদে প্রশ্নের উত্তর দিতে দাঁড়ান। শেখ সেলিম বলেন, “প্রশ্নোত্তরে সংসদ সদস্যদের দীর্ঘ বক্তৃতার কারণে সংসদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে।” মন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, “সংক্ষিপ্ত উত্তর দেবেন, বক্তৃতা নয়। উত্তর দিতে গিয়ে লম্বা বক্তৃতা হয়।” ডেপুটি স্পিকারের উদ্দেশে শেখ সেলিম বলেন, “নিয়ম অনুযায়ী এক ঘণ্টার মধ্যে প্রশ্নোত্তর শেষ করতে হবে। বক্তৃতা না দিলে আরো অনেক প্রশ্নের উত্তর দেওয়া যেত। এতে সংসদের কার্যপ্রণালী বিধি লঙ্ঘন হয়। আপনিও এ বিষয়গুলো লক্ষ্য করছেন না।” পাঁচ বারের সংসদ সদস্য শেখ সেলিমের এই বক্তব্যে জবাবে ডেপুটি স্পিকার বলেন, “আমার মনে হয় না কার্যপ্রণালী বিধি লঙ্ঘিত হচ্ছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/০০১৪ ঘ.