চাঁদপুর, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরে বিশেষ অভিযানে ৫৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার ভোর পর্যন্ত জেলার কয়েকটি স্থানে একযোগে এই অভিযান চলে। গ্রেপ্তারদের মধ্যে তালিকাভুক্ত সন্ত্রাসী এবং বিভিন্ন মামলার পলাতক আসামি রয়েছে।
চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর বলেন, বিভিন্ন মামলায় প্রেপ্তারি পরোয়ানা, সাজাপ্রাপ্ত এবং তালিকাভুক্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে বিশেষ অভিযানের প্রথম দফায় ৫৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সদর, ফরিদগঞ্জ ও হাজীগঞ্জের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
অভিযান চলাকালে হাজীগঞ্জে একটি চোরাই মোটরসাইকেল, ২৬ লিটার দেশি মদ এবং চাঁদপুর শহর থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
আগামী ২৮ নভেম্বর পর্যন্ত চাঁদপুরে পুলিশের এই বিশেষ অভিযান চলবে বলে পুলিশ সুপার জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮০৬ ঘ.
bdnews24